মিটফোর্ড হাসাপাতালে কর্মরতদের নিজ উদ্যোগে মাস্ক ব্যবহারের অনুরোধ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২১ মার্চ ২০২০ | ০২:০০
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে রাজধানীর মিটফোর্ড হাসপাতালে কর্মরত সবাইকে নিজ উদ্যোগে মাস্ক ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে। শনিবার হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোর্শেদ রশীদ সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই অনুরোধ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে হাসপাতালে রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ভাইরাসের সংক্রমণ এড়াতে হাসপাতালে কর্মরত ও সেবা কাজের সঙ্গে জড়িত সবারই মাস্ক ব্যবহার করা প্রয়োজন। কিন্তু সম্পদের সল্পতার কারণে হাসপাতালের পক্ষে সবাইকে মাস্ক সরবরাহ করা সম্ভব হচ্ছে না।
এমতবস্থায় করোনাভাইরাসের সংক্রণের ঝুঁকি এড়াতে সবাইকে নিজ উদ্যোগে মাস্ক ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
