ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল দাবি ৩১ সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৩ | ১১:১৮ | আপডেট: ১৩ এপ্রিল ২০২৩ | ১৩:৪৫
ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি করেছে ৩১ সামাজিক-সাংস্কৃতিক সংগঠন। আজ বৃহস্পতিবার গণসংস্কৃতি ফ্রন্টের সমন্বয়ক ইফতেখার আহমেদ বাবুর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, বর্তমান সরকার নিবর্তনমূলক ডিজিটাল নিরাপত্তা আইন ব্যবহার করে একের পর এক সংবাদকর্মী ও নানাস্তরের মুক্তচিন্তার মানুষকে গ্ৰেপ্তার করে ভয়-ভীতির মাধ্যমে সংবাদপত্রের কণ্ঠরোধ এবং জনগণের মতপ্রকাশের স্বাধীনতা খর্ব করে চলেছে। অত্যাবশ্যকীয় সেবা খাতের দোহাই দিয়ে শ্রমিক শ্রেণির ধর্মঘট করার গণতান্ত্রিক অধিকার হরণ করছে। এইসব আইনকানুন এবং দমন-পীড়ন মুক্তিযুদ্ধের মৌলচেতনার পরিপন্থী।
বিবৃতিতে আরও বলা হয়, একচেটিয়া অতিমুনাফালোভী ব্যবসায়ী সিন্ডিকেটের স্বার্থে সরকার বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণ না করে মানুষের বেঁচে থাকার মতো ন্যূন্যতম খাদ্যের অধিকার কেড়ে নিচ্ছে। ডিজিটাল নিরাপত্তা আইনসহ সকল অগণতান্ত্রিক আইন বাতিল জোর দাবি জানানো হয় বিবৃতিতে।
বিবৃতি প্রদানকারী সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলো হলো- বিবর্তন সাংস্কৃতিক কেন্দ্র, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, গণসংস্কৃতি কেন্দ্র, সংহতি সংস্কৃতি সংসদ, সমাজ অনুশীলন কেন্দ্র, বাংলাদেশ গণশিল্পী সংস্থা, চারণ সাংস্কৃতিক কেন্দ্র, সাংস্কৃতিক ইউনিয়ন, রাজু বিতর্ক অঙ্গন, চারণ সাংস্কৃতিক কেন্দ্র, বাঙলাদেশ লেখক শিবির, সমগীত সংস্কৃতি প্রাঙ্গণ, প্রগতি লেখক সংঘ, গণ সংস্কৃতি পরিষদ, স্বদেশ চিন্তা সংঘ, বাংলাদেশ থিয়েটার, তীরন্দাজ, রণেশ দাশগুপ্ত চলচ্চিত্র সংসদ, উঠোন, ঢাকা ড্রামা, বিজ্ঞান আন্দোলন মঞ্চ, গণসংস্কৃতি ফ্রন্ট, বিবর্তন নাট্যগোষ্ঠী, সিরাজগঞ্জ, বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশন, ধাবমান সাহিত্য আন্দোলন, থিয়েটার ৫২, সমাজতান্ত্রিক বুদ্ধিজীবী সংঘ, মওলানা আবদুল হামিদ খান ভাসানী পরিষদ, শহীদ আসাদ পরিষদ, মাদল ও বটতলা- এ পারফরমেন্স স্পেস।
