ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

এসএন ট্রাভেলসের প্রতারণা, অবশেষে সৌদি গেলেন সেই ৫৩৮ হজযাত্রী

এসএন ট্রাভেলসের প্রতারণা, অবশেষে সৌদি গেলেন সেই ৫৩৮ হজযাত্রী
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২১ জুন ২০২৩ | ১৬:৫৬ | আপডেট: ২১ জুন ২০২৩ | ১৬:৫৬

অবশেষে সৌদি আরব গেলেন এসএন ট্রাভেলসের প্রতারণার শিকার ৫৩৮ হজযাত্রী। বুধবার সন্ধ্যা ৭টার ফ্লাইটে ৩১১ জনকে পাঠানো হয়েছে। এর আগে দুই ফ্লাইটে ২২৭ জনকে সৌদি পাঠায় হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)।

বুধবার হাব সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম সমকালকে বলেন, ‘এটা অনেক বড় চ্যালেঞ্জ ছিল। ধর্ম মন্ত্রণালয় ও হাবের যৌথ প্রচেষ্টার কারণে এটা সম্ভব হয়েছে। সমস্যার সমাধান হওয়ায় হজযাত্রীরা খুশি।’

এসএন ট্রাভেলস (লাইসেন্স নম্বর ১১৩৬) এবার ৫৩৮ হজযাত্রীর দায়িত্ব নিয়েছিল। তাঁদের মধ্যে বেশিরভাগই প্রতারণার শিকার হয়েছিলেন বলে অভিযোগ ওঠে। তবে ঠিক সময় পদক্ষেপ নেওয়ার কারণে তাঁদের সৌদি আরবে পাঠানো গেছে। অবশ্য এ বিষয়ে প্রতারণার শিকার হওয়া কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। 

সংশ্লিষ্টরা জানান, কোনো হজযাত্রী বিপদে পড়লে তাঁর পাশে দাঁড়ানোর দায়িত্ববোধ থেকেই হাব এ উদ্যোগ নেয়। ভিসা, টিকিটসহ সব ধরনের কাজ শেষে গতকাল সন্ধ্যায় ৩১১ জনকে সৌদি আরবে পাঠানো হয়েছে। এর আগে দুই ফ্লাইটে ২২৭ জনকে পাঠানো হয়েছিল।

গত ১৪ জুন এসএন ট্রাভেলসের মালিক শাহ আলম পালিয়ে যান। এসব হজযাত্রীর বিমান টিকিটের টাকা জমা ছিল। এ ছাড়া সৌদি আরবের হোটেল ভাড়া প্রায় ৭০ থেকে ৮০ শতাংশ বুকিং করা ছিল। ভিসা ফি বা অন্যান্য খরচ যেগুলো বকেয়া ছিল তা হাব সম্পন্ন করে তাঁদের হজে পাঠানোর উদ্যোগ নেয়।

আরও পড়ুন

×