ঢাকা রোববার, ১৪ জুন ২০২৬

২৫ হাজার মানুষের কাছে কোরবানির মাংস পৌঁছে দিল মাস্তুল

২৫ হাজার মানুষের কাছে কোরবানির মাংস পৌঁছে দিল মাস্তুল
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ জুলাই ২০২৩ | ০৬:০০ | আপডেট: ০৩ জুলাই ২০২৩ | ০৬:০০

প্রতি বছরের মতো এবারও দাতাদের দেওয়া অনুদানে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় প্রায় ২৫ হাজার দরিদ্র, প্রতিবন্ধী, অসহায় এবং নিম্ন মধ্যবিত্ত মানুষের কাছে কোরবানির মাংস পৌঁছে দিয়েছে মাস্তুল ফাউন্ডেশন। এর মধ্যে সাভারে শতাধিক প্রতিবন্ধী মানুষদের জন্য মাস্তুল ফাউন্ডেশন থেকে কোরবানির আয়োজন করা হয়।

আমেনা নামে এক প্রতিবন্ধী বলেন, 'আমি হাঁটতে পারি না, হুইল চেয়ার দিয়ে কোরবানির ঈদে মাংসও সংগ্রহ করতে পারি না। এবারও ইদের দিন মাংস না খেয়ে থাকব ভেবেছিলাম। কিন্তু মাস্তুল আমাদের জন্য কোরবানি দিয়েছে। আমার মতো সব প্রতিবন্ধীরা গরুর মাংস পেয়েছে।'

মাস্তুল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক কাজী রিয়াজ রহমান বলেন, কোরবানির উদ্দেশ্য হলো ত্যাগের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন। তাই বিগত কয়েক বছর ধরে দরিদ্র ও অসহায় পরিবারদের মাঝে কোরবানির মাংস বিতরণ করছি।

তিনি আরও বলেন, এমনও অনেক পরিবার আছে যারা লজ্জায় কারও কাছে মাংস চাইতে পারেন না। আমরা গোপনীয়তার সঙ্গে তাদের বাড়ি মাংস পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি। সকল দাতাদের ধন্যবাদ, যাদের সহযোগিতায় আমরা অসহায়দের মুখে হাসি ফোটাতে পেরেছি।

মাস্তুল ফাউন্ডেশন ঢাকাসহ ভোলা, পঞ্চগড় ও রংপুরের বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা, সমাজসেবা অধিদপ্তর পরিচালিত এতিমখানা, কুড়িগ্রামে বন্যা কবলিত স্থান, গাইবান্ধার চর অঞ্চল, ঠাকুরগঁও, সুনামগঞ্জ, নেত্রকোনা এবং বরিশাল বিভাগের কয়েকটি জেলায় কোরবানির আয়োজন করে এবং মাংস বিতরণ করে।

মাস্তুল ফাউন্ডেশন সরকার নিবন্ধিত দাতব্য প্রতিষ্ঠান। মাস্তুলের নিজস্ব স্কুল, মাদ্রাসা ও শেল্টারহোম রয়েছে, যেখানে আবাসিক/অনাবাসিক মিলে শতাধিক অনাথ-এতিম শিক্ষার্থী রয়েছে।

আরও পড়ুন

×