ঘুষ নেওয়ার অভিযোগ
দুদকের ২ কর্মকর্তা সাময়িক বরখাস্ত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২০ জুলাই ২০২৩ | ১৬:৪২ | আপডেট: ২০ জুলাই ২০২৩ | ১৬:৪২
ঘুষ নেওয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান ও উপসহকারী পরিচালক সুদীপ কুমার চৌধুরীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার দুদক চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহর সই করা পৃথক আদেশে তাদের বরখাস্ত করা হয়।
গত ১২ জুলাই এ দুই কর্মকর্তাকে প্রত্যাহার করে ঢাকায় দুদকের প্রধান কার্যালয়ে নিয়ে আসা হয়েছিল। দুদক সূত্রে এসব তথ্য জানা গেছে।
বরখাস্তের আদেশে বলা হয়, মোস্তাফিজুর রহমান পাবনায় উপসহকারী পরিচালক হিসেবে কর্মরত থাকাকালে অফিস কক্ষে সামছুল হক নামে এক ব্যক্তির কাছে ২০ লাখ টাকা উৎকোচ দাবি করে ৭৬ হাজার টাকা নেন। গত ২৬ জুন এ ধরনের একটি ভিডিও দেশের দুটি বেসরকারি টেলিভিশনসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ আকারে প্রচারিত হয়। ওই ফুটেজে দেখা যায়, মেসার্স হক টাইলস লিমিটেডের মালিক শামসুল হকের কাছ থেকে তিনি ঘুষ নিচ্ছেন।
আদেশে বলা হয়, মোস্তাফিজুর রহমান ঘুষ নিয়ে চাকরির শৃঙ্খলা পরিপন্থি কাজ করেছেন বলে অভিযোগ আসে। এ অভিযোগের কারণে দুদকের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে। এ কারণে দুদক (কর্মচারী) চাকরি বিধিমালা অনুযায়ী যথাক্রমে ‘অসদাচরণ’ ও ‘ক্ষমতার অপব্যবহারে’র অভিযোগে তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করা হয়। বিধি অনুযায়ী তাঁকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা যুক্তিযুক্ত ও অপরিহার্য মনে করেছে কমিশন।
সুদীপ কুমার চৌধুরীকে বরখাস্তের আদেশে বলা হয়, এ কর্মকর্তা বগুড়ায় উপসহকারী পরিচালক হিসেবে কর্মরত থাকাকালে বগুড়া জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের উপপরিদর্শক আলমগীর হোসেনের সম্পদ বিবরণী যাচাইকালে তাঁকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার আশ্বাস দেন এবং তাঁর কাছ থেকে উৎকোচ দাবি ও গ্রহণ করেন। এ-সংক্রান্ত কথোপকথনের অডিও রেকর্ড দুদকের ফরেনসিক ল্যাব বিশেষজ্ঞদের হাতে পৌঁছেছে। অডিওটি সুদীপ কুমারের বলে প্রমাণ পেয়েছেন বিশেষজ্ঞরা। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে অভিযোগ, সংশ্লিষ্ট ব্যক্তি বা সাক্ষীদের সঙ্গে টেলিফোন/মোবাইলে যোগাযোগ না করার জন্য নির্দেশনা যথাযথ প্রতিপালন না করার আদেশ অমান্য করার অভিযোগ প্রমাণিত হয়েছে।
সুদীপের বিরুদ্ধে দুদক (কর্মচারী) চাকরি বিধিমালা অনুযায়ী ‘অসদাচরণ’, ‘ক্ষমতার অপব্যবহার’ ও ‘দুর্নীতি’র অভিযোগে বিভাগীয় মামলা হয়েছে। এ কারণে তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে দুদক।
- বিষয় :
- ঘুষ নেওয়ার অভিযোগ
- দুর্নীতি দমন কমিশন
- দুদক
