প্রান্ত হত্যায় পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের তীব্র নিন্দা
নিহত প্রান্ত মিত্র। ছবি: সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৬ জুলাই ২০২৩ | ১৫:২৮ | আপডেট: ২৬ জুলাই ২০২৩ | ১৫:৪২
ফরিদপুরে কলেজছাত্র প্রান্ত মিত্র হত্যায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। দুটি সংগঠনের পক্ষ থেকে বুধবার পৃথক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
পূজা উদযাপন পরিষদের সভাপতি জেএল ভৌমিক এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার এই প্রতিবাদ জানান। মেধাবী ছাত্র প্রান্ত মিত্রর হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান তারা।
অন্যদিকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতিত্রয় ঊষাতন তালুকদার, ড. নিমচন্দ্র ভৌমিক, নির্মল রোজারিও এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাণা দাশগুপ্ত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিন্দা জানান।
বিবৃতিতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতারা বলেন, প্রান্ত মিত্র হাসপাতালে তার এক বন্ধুর বোনকে রক্ত দিতে গিয়ে সোমবার গভীর রাতে নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হন। এই হত্যাকাণ্ডের যথাযথ তদন্ত ও বিচার দাবি করেন নেতারা।
উল্লেখ্য, বন্ধুর বোনকে রক্ত দিতে সোমবার রাত ২টার দিকে বাসা থেকে বের হয়ে খুন হন ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের অনার্স (বোটানি বিভাগ) তৃতীয়ে বর্ষের ছাত্র প্রান্ত মিত্র (২৩)। এর আধা ঘণ্টা পর শহরের আলীপুর সেতুর উত্তর পাশের সড়কের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে কোতয়ালি থানা পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় শহরের অম্বিকাপুর শ্বশানে প্রান্তর সৎকার সম্পন্ন হয়েছে। এই খুনের ঘটনার নেপথ্যে রাজনৈতিক প্রতিপক্ষের সংশ্লিষ্টতা রয়েছে বলে ধারণা করছেন নিহতের স্বজন ও স্থানীয়রা। ঘটনার পর থেকে প্রান্তর রাজনৈতিক প্রতিপক্ষরা পলাতক রয়েছে।