ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

থ্যালাসেমিয়ার বিস্তার রোধে নীতিমালা করার নির্দেশ হাইকোর্টের

থ্যালাসেমিয়ার বিস্তার রোধে নীতিমালা করার নির্দেশ হাইকোর্টের
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ৩১ জুলাই ২০২৩ | ১৫:১২ | আপডেট: ৩১ জুলাই ২০২৩ | ১৫:১২

বংশগত রক্তের রোগ থ্যালাসেমিয়ার বিস্তার রোধে নীতিমালা তৈরির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ জন্য ৩০ দিনের মধ্যে সাত সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠন এবং খসড়া নীতিমালা তৈরি করে ছয় মাসের মধ্যে তা দাখিল করতে বলা হয়েছে।

এক রিটের পরিপ্রেক্ষিতে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মুহম্মদ মাহবুবুল ইসলাম সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার এ আদেশ দেন।

থ্যালাসেমিয়া রোগের বিস্তার বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে কেন নির্দেশনা দেওয়া হবে না, তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুলও জারি করেছেন আদালত। এর পাশাপাশি থ্যালাসেমিয়ার বিস্তার ঠেকাতে বিয়ের নিবন্ধন ফরমে বর ও কনের থ্যালাসেমিয়া রোগ সম্পর্কিত তথ্য কেন লিপিবদ্ধ করার নির্দেশ দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছে।

চার সপ্তাহের মধ্যে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব, স্বাস্থ্য সচিব, আইন সচিব, ধর্ম সচিব, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব, স্বাস্থ্যের মহাপরিচালকসহ মোট আটজনকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। রোগটি ছড়িয়ে পড়া ঠেকাতে সাধারণ নাগরিক, ছাত্রছাত্রী, সরকারি কর্মচারী এবং অন্য পেশাজীবীদের মাঝে প্রচার চালানোরও নির্দেশ দিয়েছেন আদালত।

বিভিন্ন জাতীয় দৈনিকে থ্যালাসেমিয়া রোগের বিস্তার নিয়ে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) গত ১৫ জুন হাইকোর্টে এই আবেদন করে। রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ।

তিনি বলেন, থ্যালাসেমিয়া রোগের বাহক ব্যক্তিদের মধ্যে বিয়ে হলে সন্তান থ্যালাসেমিয়ায় আক্রান্ত হয় এবং তাদের বেঁচে থাকার জন্য নিয়মিত নিরাপদ রক্তের প্রয়োজন হয়। এভাবে একটি শিশুকে বাঁচিয়ে রাখতে পরিবার আর্থিকভাবে নিঃস্ব হয়ে যায়। সচেতনতার অভাবে দিন দিন এ রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে। সে কারণে থ্যালাসেমিয়া পরীক্ষা করে দুই বাহকের মধ্যে বিয়ে বন্ধ করার জন্য সরকারের পদক্ষেপ প্রয়োজন।

আরও পড়ুন

×