ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

অনলাইন জুয়া

বেট উইনারের চার এজেন্ট গ্রেপ্তার

বেট উইনারের চার এজেন্ট গ্রেপ্তার
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৩ | ১৮:১১ | আপডেট: ১৬ আগস্ট ২০২৩ | ১৮:১১

‘বেট উইনার’ নামে অনলাইন জুয়ার সাইট পরিচালনায় যুক্ত চার এজেন্টকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তারা হলো– আরিফুল ইসলাম, আনোয়ার হোসেন, হারুন অর রশিদ ও ইমরান হোসাইন।

সিআইডির সাইবার পুলিশ সেন্টারের একটি দল গত সোমবার ঢাকার তেজগাঁও, বংশাল, লালবাগ ও মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। 

গ্রেপ্তারদের দেওয়া তথ্য ও প্রাথমিক অনুসন্ধানের ভিত্তিতে বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে সিআইডি জানায়, সুপার অ্যাডমিন বা মাস্টার অ্যাডমিন নামে মূলত রাশিয়া থেকে বেট উইনারের ওয়েবসাইটটি নিয়ন্ত্রণ করা হয়। বিভিন্ন দেশে দেখভালের জন্য ম্যানেজার নিয়োগ করা আছে। ম্যানেজার বাংলাদেশে জুয়ার এজেন্ট হিসেবে বিশ্বস্ত এ চারজনকে নিয়োগ দেন। সাইবার পুলিশ সেন্টারসহ পুলিশের বিভিন্ন ইউনিট অনলাইন জুয়া নিয়ে বেশকয়েকটি অভিযান চালানোয় জুয়ার এজেন্টরা এখন টাকা লেনদেনের জন্য মাঝখানে একটি স্তর তৈরি করে। এজন্য তারা সরাসরি নিজেরা এজেন্ট সিম ব্যবহার না করে কিছু অসাধু মোবাইল ব্যাংকিং এজেন্টকে টাকা লেনদেনের দায়িত্ব দেয়। কিছু কর্মীর মাধ্যমে ১৪-১৫টি এজেন্ট সিম ব্যবহার করে চক্রটি এ জুয়ার কার্যক্রম পরিচালনা করে আসছিল।

সিআইডি জানায়, সম্রাট ও শাহীন রেজা নামে দু’জন বেট উইনারের কান্ট্রি ম্যানেজার হিসেবে ওয়েবসাইট নিয়ন্ত্রণ করছেন। তাদের মাধ্যমে এজেন্টরা ওয়েবসাইটে ব্যবহৃত এজেন্ট সিম দিয়ে সারাদেশ থেকে জুয়াড়িদের টাকা সংগ্রহ করে। পরে তা ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তর করে বিদেশে পাচার করে। বেট উইনার  ছাড়াও তারা বেট ভিসা নামে আরেকটি জুয়ার সাইটেরও লেনদেন করে। প্রতি মাসে একজন জুয়ার এজেন্ট বিভিন্ন ব্যাংকের মাধ্যমে কয়েক কোটি টাকা লেনদেন করে। কমিশন বাবদ টাকার একটা অংশ তারা পায়। গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে পল্টন থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। তাদের কাছ থেকে ১৩টি মোবাইল ফোন, ১৮টি সিম, এজেন্ট সিমগুলোতে থাকা ৭ লাখ ৬৭ হাজার ৪৭৬ টাকা এবং নগদ ১ লাখ ৪২ হাজার ৮৯০ টাকা জব্দ করা হয়েছে।

আরও পড়ুন

×