পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং
নির্বাচন পর্যবেক্ষণে আগ্রহ দেখালেও আবেদন করেনি বিদেশিরা
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ও জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক সেহেলী সাবরীন - ফাইল ছবি
কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৩ | ১৫:৪৭ | আপডেট: ১৭ আগস্ট ২০২৩ | ১৫:৪৭
বাংলাদেশের জাতীয় নির্বাচনে পর্যবেক্ষণের জন্য বিভিন্ন দেশ ও সংস্থা আগ্রহ দেখিয়েছে। তবে তারা এখনও আবেদন করেনি বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ও জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক সেহেলী সাবরীন।
বৃহস্পতিবার বিকেলে মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
কোন কোন বিদেশি পর্যবেক্ষক অনুমতি চেয়েছে, কারা অনুমতি পেয়েছেন, অনুমতি দেওয়ার ক্ষেত্রে কী ধরনের নিয়ম অনুসরণ করা হচ্ছে– জানতে চাইলে সেহেলী সাবরীন বলেন, আসন্ন নির্বাচন পর্যবেক্ষণে এখন পর্যন্ত কোনো বিদেশি পর্যবেক্ষক অনুরোধ জানাননি। তবে গত ৯ থেকে ২৩ জুলাই ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি নির্বাচনী প্রাক-মূল্যায়ন প্রতিনিধি দল বাংলাদেশ সফর করেছে। আগামী অক্টোবরে যুক্তরাষ্ট্রের আরও একটি প্রাক-নির্বাচনী প্রতিনিধি দলের বাংলাদেশ সফরের কথা রয়েছে। নির্বাচন পর্যবেক্ষণে বিদেশি পর্যবেক্ষককে অনুমতি দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের প্রচলিত আইন ও নির্বাচন কমিশনের জারি করা নীতিমালা অনুসরণ করা হবে।
ব্রহ্মপুত্র নদে চীনের বাঁধ নিয়ে জানতে চাইলে মুখপাত্র বলেন, বাংলাদেশ এ বিষয়ে পর্যাপ্ত তথ্য সংগ্রহের চেষ্টা করছে, যা পরে জানানো হবে। পানির ভাগাভাগি নিয়ে চীনের সঙ্গে চুক্তির আলোচনা নিয়ে তিনি বলেন, এখনও চীনের সঙ্গে এ বিষয়ে আলোচনা শুরু হয়নি।
যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের ঘন ঘন বাংলাদেশ সফর নিয়ে জানতে চাইলে সেহেলী সাবরীন বলেন, টনি ব্লেয়ার গত ২৬-২৭ জুলাই ও ৩-৫ মার্চ বাংলাদেশ সফর করেন। বাংলাদেশ সফরের সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাতের সময় টনি ব্লেয়ার দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ের পাশাপাশি টনি ব্লেয়ার ইনস্টিটিউট ফর গ্লোবাল চেঞ্জের কার্যক্রম সম্পর্কে প্রধানমন্ত্রী ও স্পিকারকে অবহিত করেন।
টনি ব্লেয়ারের সফরের উদ্দেশ্য নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ব্লেয়ার ইনস্টিটিউট ফর গ্লোবাল চেঞ্জের কার্যক্রম সম্পর্কে জানাতে এসেছেন।
যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী ব্লেয়ার ইনস্টিটিউটের জন্য বাংলাদেশের কাছে কোনো অর্থ চেয়েছেন কিনা– জানতে চাইলে মুখপাত্র বলেন, এ সম্পর্কে আমার কাছে কোনো তথ্য নেই।
আল কায়দার হাতে অপহৃত জাতিসংঘের কর্মকর্তা বাংলাদেশি লেফটেন্যান্ট কর্নেল (অব.) সুফিউল আনামকে উদ্ধারে কত অর্থ খরচ হয়েছে– জানতে চাইলে তিনি বলেন, অর্থের হিসাবটি এ মুহূর্তে আমার কাছে নেই। এটি জেনে জানাতে হবে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা সংলাপ নিয়ে হালনাগাদ তথ্যের বিষয়ে জানতে চাইলে সেহেলী সাবরীন বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্কোন্নয়ন ও বিকাশের লক্ষ্যে প্রতিবছর খাতভিত্তিক বিভিন্ন সংলাপ আয়োজন হয়। এই নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবে উভয় দেশের রাজধানীতে পর্যায়ক্রমে প্রতিবছর নিরাপত্তা সংলাপ অনুষ্ঠিত হয়ে আসছে। ২০২২ সালে ওয়াশিংটন ডিসিতে অষ্টম যুক্তরাষ্ট্র-বাংলাদেশ নিরাপত্তা সংলাপ অনুষ্ঠিত হওয়ায় ধারাবাহিকতায় সংলাপের নবম আসর এ বছর ঢাকায় অনুষ্ঠিত হবে বলে আমরা আশা করছি।
সম্প্রতি ঢাকা-ওয়াশিংটন যেসব বৈঠক হচ্ছে সেগুলো কি নিয়মিত, নাকি বিশেষ বৈঠক– জানতে চাইলে তিনি বলেন, যে কোনো দ্বিপক্ষীয় সম্পর্কে বৈঠক বা আলোচনা একটি নিয়মিত বিষয়। ফলে সাম্প্রতিক বৈঠক, সংলাপ কিংবা উভয় দেশের উচ্চ পর্যায়ের সফর নিয়মিত প্রক্রিয়ার একটি অংশ।
ব্রিফিংয়ে সেহেলী সাবরীন জানান, সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী, প্রতিমন্ত্রী ও পররাষ্ট্র সচিবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নবনিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেনগগ্লি। বৈঠকগুলোতে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সঙ্গে বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে আলোচনা করেন তারা। বৈঠকগুলোতে বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, বিদেশি পর্যবেক্ষকদের স্বাগত জানানোর পাশাপাশি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে।
