ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

সেনাবাহিনী প্রধানের প্রশংসাপত্র পেলেন ৭ সেনাসদস্য

সেনাবাহিনী প্রধানের প্রশংসাপত্র পেলেন ৭ সেনাসদস্য
×

ছবি: আইএসপিআর

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৩ | ১৬:০২ | আপডেট: ২৭ আগস্ট ২০২৩ | ১৬:১১

বাংলাদেশ সেনাবাহিনীতে প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ সেনাবাহিনী প্রধানের প্রশংসাপত্র এবং জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন পুরস্কার প্রদান করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ২১ সেনাসদস্য হাতে প্রশংসাপত্র ও ক্রেস্ট তুলে দেন।

রোববার ঢাকা সেনানিবাস আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এতে বলা হয়— সেনা সদস্যদের কাজের স্বীকৃতিস্বরূপ সাত সেনাসদস্যকে সেনাবাহিনী প্রধানের প্রশংসাপত্র (অপারেশনাল ও নন-অপারেশনাল) প্রদান করেন এবং একই সঙ্গে তাদের ইনসিগনিয়া পরিয়ে দেন তিনি। এ ছাড়া ২০২২-২০২৩ অর্থ বছরে সেনাসদর পর্যায়ে জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নের জন্য পুরস্কার প্রাপ্ত ১৪ জন সেনাসদস্যকে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করেন।

সেনাবাহিনীতে কর্তব্যনিষ্ঠা, আনুগত্য, দেশপ্রেম, দৃষ্টান্তমূলক ও দুঃসাহসিক কার্যকলাপের স্বীকৃতিস্বরূপ অপারেশনাল ও নন-অপারেশনাল সফলতার জন্য সেনাবাহিনী প্রধানের প্রশংসাপত্র ও ইনসিগনিয়া প্রাপ্তির জন্য বিবেচনা করা হয়। এ ছাড়াও, বাংলাদেশ সরকার কর্তৃক বাস্তবায়িত শুদ্ধাচার চর্চাকে উৎসাহিত করার লক্ষ্যে জাতীয় শুদ্ধাচার কৌশল পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান অসামান্য কর্মদক্ষতার স্বীকৃতিপ্রাপ্ত সেনাসদস্যদের অত্যন্ত উচু মনোবল, কর্মস্পৃহা, দেশপ্রেম ও দায়িত্বের প্রতি অবিচল আস্থার জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, তাদের এই স্পৃহা সবার জন্য পাথেয়। এ সময় তিনি সেনাবাহিনীর সব সদস্যদের এই ধরনের অনুকরণীয় কাজের জন্য নির্দেশনা প্রদান করেন। 

উল্লেখ্য, সরকার কর্তৃক বাস্তবায়িত শুদ্ধাচার চর্চাকে উৎসাহিত করার লক্ষ্যে সেনাবাহিনীতে এ বছর ২৬০ জন জাতীয় শুদ্ধাচার কৌশল পুরস্কার প্রাপ্ত হন। এ ছাড়া সেনাবাহিনীতে দ্বিতীয়বারের মত আনুষ্ঠানিকতার মাধ্যমে ‘সেনাবাহিনী প্রধানের প্রশংসাপত্র ও ইনসিগনিয়া’ এবং ‘জাতীয় শুদ্ধাচার কৌশল পুরস্কার’ প্রদান করা হয়। 

অনুষ্ঠানে সেনা সদর, ঢাকা ও মিরপুর সেনানিবাসের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাসহ বিভিন্ন পদবির কর্মকর্তা, জেসিও ও অন্যান্য সৈনিক উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×