ঢাকা শনিবার, ০৬ জুন ২০২৬

অসুস্থতার কারণে সুইজারল্যান্ডে এমপি মোশাররফ, ছুটি পেলেন সংসদ থেকে

অসুস্থতার কারণে সুইজারল্যান্ডে এমপি মোশাররফ, ছুটি পেলেন সংসদ থেকে
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৩ | ১৫:৩৬ | আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৩ | ১৫:৩৬

সংসদে দীর্ঘ অনুপস্থিতির জন্য ছুটি নিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য ও সাবেক স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। অসুস্থতার কারণে বর্তমানে সুইজারল্যান্ডে অবস্থানরত সরকারি দলের এ এমপি স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছে ছুটি চাইলে সংসদ তা মঞ্জুর করে।

মঙ্গলবার সংসদের ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য খন্দকার মোশাররফ হোসের ছুটির আবেদন পাঠ করে শোনান সংসদের সভাপতির দায়িত্বপালনকারী ডেপুটি স্পিকার শামসুল হক টুকু। পরে কণ্ঠভোটে পাস হয়।

সংসদের কার্যপ্রণালী বিধির ১৭৯ (২) এ অনুসারে ৯ জুলাই ২০২৩ হতে পরবর্তী ৯০ বৈঠকের জন্য ছুটির জন্য ইমেইলে আবেদন করেন বলে জানান শামসুল হক টুকু। সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী এ ছুটির আবেদন সংসদে পাঠ করে শোনানো হয় এবং ভোটে দেওয়া হয়। অতীতে প্রথম, নবম, দশম এবং চলতি অধিবেশনেও ছুটির জন্য কয়েকজন সংসদ সদস্য আবেদন করেছিল এবং সেটা সংসদ মঞ্জুর করেছিল বলে জানান ডেপুটি স্পিকার। তিনি সংসদ সদস্যদের ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের আবেদন বিবেচনায় নেওয়ার অনুরোধ করেন।

আবেদনে ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, অসুস্থজনিত কারণে দীর্ঘদিন ধরে সংসদ অধিবেশনে যোগ দিতে পারছি না। উন্নত চিকিৎসার জন্য সুইজারল্যাণ্ডে অবস্থান করছি।

চিঠিতে তিনি ব্যাক পেইন, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, ব্লাড প্রেশারসহ নানা রোগে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন বলে জানান। 

তিনি জানান, চিকিৎসকদের পরামর্শে দীর্ঘদিন আরও চিকিৎসা প্রয়োজন। এ জন্য ৯ জুলাই হতে পরবর্তী ৯০ বৈঠকের জন্য ছুটির আবেদন করেন তিনি।

জানতে চাইলে খন্দকার মোশাররফ হোসেন সুইজারল্যাণ্ড থেকে মোবাইল ফোনে গণমাধ্যমকে বলেন, তিনি ছুটির আবেদন করেছেন। তার শরীরের অবস্থা বেশি ভালো নয় এবং চিকিৎসা নিচ্ছেন বলেও জানান তিনি।

আরও পড়ুন

×