অনশন ভেঙে আন্দোলন স্থগিত করলেন শিক্ষকরা
প্রধানমন্ত্রীর সাক্ষাৎ না পাওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন শিক্ষকরা— সমকাল
বিশেষ প্রতিনিধি
প্রকাশ: ২২ অক্টোবর ২০১৯ | ১০:৩৫ | আপডেট: ২২ অক্টোবর ২০১৯ | ১০:৫৬
স্বীকৃতিপ্রাপ্ত সব নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়ে অনশন শুরু করা শিক্ষকরা তাদের আন্দোলন স্থগিত করেছেন।
মঙ্গলবার রাতে শিক্ষামন্ত্রীর হেয়ার রোডের বাসা 'ধলেশ্বরী'তে মন্ত্রীর সঙ্গে আলোচনার পর শিক্ষকরা পানি পান করে অনশন ভাঙেন এবং তাদের আন্দোলন স্থগিত করেন।
শিক্ষক নেতৃবৃন্দ বলেন, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি 'আমরণ অনশন' কর্মসূচি স্থগিতের আহ্বান জানিয়েছেন এবং তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষক নেতৃবৃন্দের সাক্ষাৎ করিয়ে দেওয়ার কথাও বলেছেন। শিক্ষামন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে আমরণ অনশন কর্মসূচি সাময়িক স্থগিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের প্রত্যাশা– শিক্ষামন্ত্রী দ্রুতই প্রধানমন্ত্রীর সঙ্গে সংগঠনের নেতৃবৃন্দের সাক্ষাতের ব্যবস্থা করবেন এবং দাবি-দাওয়া পূরণে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
২০১৮ সালের এমপিও নীতিমালা স্থগিত করে পূর্বের নিয়মে স্বীকৃতির ভিত্তিতে স্বীকৃতিপ্রাপ্ত শুধুমাত্র নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান একযোগে এমপিওভুক্তির দাবিতে আন্দোলন চালিয়ে আসছিলেন নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে কর্মসূচি পালনকালে তারা প্রধানমন্ত্রীর সাক্ষাত না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। পরে শিক্ষকরা আমরণ অনশন কর্মসূচি পালন শুরু করেন।
