ঢাকা শনিবার, ০৬ জুন ২০২৬

ক্যাসিনোকাণ্ড: এমপি রতনের সম্পদের খোঁজে দুদক

ক্যাসিনোকাণ্ড: এমপি রতনের সম্পদের খোঁজে দুদক
×

মোয়াজ্জেম হোসেন রতন- ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২২ অক্টোবর ২০১৯ | ১০:৩৭ | আপডেট: ২২ অক্টোবর ২০১৯ | ১০:৫৩

সুনামগঞ্জ-১ আসন থেকে নির্বাচিত সরকারদলীয় এমপি মোয়াজ্জেম হোসেন রতনের ব্যাপারেও অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার বিরুদ্ধেও অভিযোগ রয়েছে ক্যাসিনোকাণ্ডের মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের। 

দুদক সূত্র এ খবর নিশ্চিত করেছে। বগুড়া-৩ আসনের বিএনপি দলীয় সাবেক এমপি আবদুল মোমিন তালুকদার খোকা এবং তার স্ত্রী মাসুদা মোমিন ও মেয়ে শামিমা মোমিনের কাছে সম্পদের হিসাব চেয়ে  মঙ্গলবার নোটিশ পাঠিয়েছে দুদক। তাদের বিরুদ্ধেও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

এর আগে ভোলা-৩ আসনের সাংসদ নুরুন্নবী চৌধুরী শাওন এবং জাতীয় সংসদের হুইপ ও চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে আওয়ামী লীগের সাংসদ সামশুল হক চৌধুরীর নাম অনুসন্ধানের আওতায় এসেছে বলে জানিয়েছিল দুদক।

দুদক গত ৩০ সেপ্টেম্বর ক্যাসিনোকাণ্ডে জড়িতদের সম্পদ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়। সংস্থাটির পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে পাঁচ সদস্যের অনুসন্ধান দল এ ব্যাপারে তদন্ত করছে। অনুসন্ধান দলের সদস্যরা প্রথমে গণমাধ্যমে আসা বিভিন্ন ব্যক্তির নাম যাচাই-বাছাই করে একটি প্রাথমিক তালিকা তৈরি করেন। সংস্থার গোয়েন্দা শাখার পক্ষ থেকে এসব তথ্য যাচাই-বাছাই করা হয়। পাশাপাশি র‌্যাব ও বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধানরা দুদক চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করে বিপুল পরিমাণ গোয়েন্দা তথ্য সরবরাহ করেন। 

সেসব তথ্য ও কাগজপত্র যাচাই-বাছাই করে গত সোমবার দুটি মামলা করেছে সংস্থাটি।

দুদক সূত্র জানিয়েছে, ক্যাসিনোকাণ্ডে যাদেরই নাম এসেছে সবাই অনুসন্ধানের আওতায় আসবেন। রাজনৈতিক নেতা, সরকারি কর্মচারী যারা জড়িত, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না।

আরও পড়ুন

×