ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

একাদশের নতুন বই বাজারজাত কার্যক্রম শুরু

একাদশের নতুন বই বাজারজাত কার্যক্রম শুরু
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৩ | ১৫:৩১ | আপডেট: ০৫ অক্টোবর ২০২৩ | ১৫:৩১

২০২৩-২৪ শিক্ষাবর্ষের একাদশ ও দ্বাদশ শ্রেণির নতুন বই বাজারজাতকরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বৃহস্পতিবার রাতে রাজধানীর জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) মিলনায়তনে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে এনসিটিবি প্রকাশিত একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের বাংলা সাহিত্য পাঠ, বাংলা সহপাঠ, ইংলিশ ফর টুডে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মোট চারটি পাঠ্যবই শিক্ষার্থীদের হাতে তুলে দেন শিক্ষামন্ত্রী।

এ সময় মন্ত্রী বলেন, বইগুলোর মধ্যে ইংলিশ ফর টুডে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি রিভাইস করা হয়েছে। মানও আগের চেয়ে ভালো হয়েছে। নতুন শিক্ষাক্রমের সব পাঠ্যপুস্তকই নতুন করে প্রণয়ন করছি। ২০২৬ ও ২০২৭ সালে গিয়ে একাদশ ও দ্বাদশ শ্রেণির নতুন কারিকুলামের বই হবে। তার আগেও বই পরিশীলনের কাজ আমরা যতদূর সম্ভব অব্যাহত রাখব।

দীপু মনি বলেন, আমরা চাই আমাদের শিক্ষার্থীরা দক্ষ ও যোগ্য মানুষ, মানবিক মানুষ, সৃজনশীল, সহনশীল মানুষ হোক, অসাম্প্রদায়িক মানুষ হোক। অর্থাৎ বঙ্গবন্ধু যে রকম চেয়েছিলেন ঠিক সেই রকম মানুষ হয়ে গড়ে উঠুক। সে জন্য পুরো শিক্ষাক্রমকে সংস্কার নয়, রূপান্তর ঘটাচ্ছি। রূপান্তরের উদ্দেশ্য হলো, শুধু মুখস্থবিদ্যা নয়, আমরা করে করে শিখব, অভিজ্ঞতাভিত্তিক শিখন হবে, সক্রিয় শিখন হবে। এর মধ্য দিয়ে শিক্ষার্থীরা যা শিখছে, তা আত্মস্থ করতে পারবে এবং তা প্রয়োগ করার দক্ষতা অর্জন করবে।

আরও পড়ুন

×