ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

নয়াদিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী
×

নয়াদিল্লির পালাম বিমান ঘাঁটিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান ভারতের কেন্দ্রীয় মহিলা ও শিশুকল্যাণ প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরি- ফোকাস বাংলা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ অক্টোবর ২০১৯ | ২১:২৫ | আপডেট: ০৩ অক্টোবর ২০১৯ | ০১:২৯

ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের (ডব্লিউইএফ) ইন্ডিয়া ইকোনোমিক সামিটে যোগ দিতে চার দিনের সরকারি সফরে নয়াদিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার সকাল ৯টা ৫০ মিনিটে নয়াদিল্লির পালাম বিমান ঘাঁটিতে পৌঁছায় শেখ হাসিনা ও তার সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি একটি ফ্লাইট। খবর বাসসের

এর আগে সকাল সোয়া ৮টার দিকে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করে ফ্লাইটটি।

এ সময় প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে বিদায় জানাতে অন্যান্যের মধ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, চীপ হুইপ নুর-ই-আলম চৌধুরী লিটন, বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, মন্ত্রী পরিষদ সচিব এবং তিন বাহিনীর প্রধানগণ উপস্থিত ছিলেন।

টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর শেখ হাসিনা তার প্রথম ভারত সফরে ৫ অক্টোবর নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে বৈঠক করবেন। তিনি একই দিন ভারতের রাষ্ট্রপতি শ্রী রামনাথ কোবিন্দের সাথে রাষ্ট্রপতি ভবনে সৌজন্য সাক্ষাৎ করবেন।

ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধী ৬ অক্টোবর বাংলাদেশ প্রধানমন্ত্রীর সাথে তার সফরকালীন আবাসে সাক্ষাৎ করবেন।
ওইদিন শেখ হাসিনা হোটেল তাজ প্যালেসের দরবার হলে ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের ইন্ডিয়া ইকোনোমিক সামিটে বাংলাদেশের ওপর কৌশলগত সংলাপে যোগ দেবেন।

একই দিন তিনি তার সম্মানে বাংলাদেশ হাই কমিশনের মৈত্রী হল ও বাংলাদেশ হাউসে আয়োজিত অভ্যর্থনা ও নৈশভোজে যোগ দেবেন। ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার এ নৈশভোজের আয়োজন করবেন।

৪ অক্টোবর বাংলাদেশ প্রধানমন্ত্রী তিয়ানে আইসিটি মোরিয়ায় ভারতীয় সিইওদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে যোগ দিবেন। এছাড়া তিনি আইসিটি মোরিয়ার কমল মহলে ইন্ডিয়া-বাংলাদেশ বিজনেস ফোরামের (আইবিবিএফ) উদ্বোধনী অনুষ্ঠান এবং হোটেল তাজ প্যালেসের দরবার হলে ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের সমাপনী অধিবেশনে যোগ দেবেন।

সিঙ্গাপুরের উপ প্রধানমন্ত্রী হেং সুই কিয়েট বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন।

কর্মকর্তারা বলেন, সম্প্রতি নিউইয়র্কের ৭৪তম জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে বাংলাদেশ প্রধানমন্ত্রীর সাথে ভারতীয় প্রধানমন্ত্রীর যে ইস্যুগুলো নিয়ে আলোচনা হয়েছে, হায়দ্রাবাদ হাউসের বৈঠকে দুই প্রধানমন্ত্রী ওই ইস্যুগুলোই পর্যালোচনা করবেন।

একই দিন, কয়েকটি এক্সচেঞ্জ অব এগ্রিমেন্ট ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে এবং ঐতিহাসিক হায়দ্রাবাদ হাউস থেকে দু’দেশের প্রধানমন্ত্রী যৌথভাবে কয়েকটি প্রকল্প উদ্বোধন করবেন।

এদিন এর আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শংকর বাংলাদেশ প্রধানমন্ত্রীর সাথে তার সফরকালীন আবাসে সাক্ষাৎ করবেন। শেখ হাসিনা একই দিন মধ্যাহ্ন ভোজে যোগ দিবেন এবং হায়দ্রাবাদ হাউসে দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করবেন।

ভারতের প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক শ্যাম বেনেগাল বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে দেখা করবেন। তাকে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে একটি চলচ্চিত্র তৈরির দায়িত্ব দেয়া হয়েছে।

প্রধানমন্ত্রী আগামী ৬ অক্টোবর দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন

×