ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বিএনপি নেতা এ্যানি রিমান্ড শেষে কারাগারে

বিএনপি নেতা এ্যানি রিমান্ড শেষে কারাগারে
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৩ | ১৫:২৮ | আপডেট: ১৪ অক্টোবর ২০২৩ | ১৫:২৮

বিএনপির প্রচার সম্পাদক ও মিডিয়া সেলের সদস্য সচিব সাবেক সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে ৪ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। ঢাকা মহানগর হাকিম মো. মামুনুর রশিদ শনিবার এ আদেশ দেন।

এর আগে এ্যানিকে আদালতে হাজির করে তদন্ত শেষ না পর্যন্ত কারাগারে রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা শাহিদী হাসান। 

ধানমন্ডি থানার নিবন্ধন কর্মকর্তা মাহফুজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশের কাজে বাধা ও গাড়ি ভাঙচুরের অভিযোগে ধানমন্ডি থানায় দায়ের করা মামলায় এ্যানিকে ১০ অক্টোবর গভীর রাতে ধানমন্ডির বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ২৩ মে ধানমন্ডি সিটি কলেজের সামনে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রায় ১০-১৫ হাজার নেতাকর্মী জড়ো হয়ে পদযাত্রার সমাপনী বক্তব্য শেষে চলে যাওয়ার প্রাক্কালে দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা, ইট-পাটকেল এবং ককটেলসহ পুলিশের সরকারি কাজে বাধা দেয়। এ সময় তারা পুলিশের ওপর আক্রমণ, জনসাধারণের জানমালের ক্ষতিসাধন, গণপরিবহন ভাঙচুর করে।

এ ছাড়া বিএনপি নেতাকর্মীরা ককটেল বিস্ফোরণ করে জনমনে ত্রাস সৃষ্টি ও নাশকতামূলক কর্মকাণ্ড চালায় বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়।

এ সময় পুলিশ বাধা দিলে বিএনপি নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা করে এবং ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে পুলিশ কর্মকর্তা ও ফোর্স গুরুতর আহত হয়। পরে সরকারি সম্পত্তি, জনসাধারণের জানমালের নিরাপত্তার জন্য বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য আসামিদের ধাওয়া করলে তারা ঘটনাস্থল থেকে বিভিন্নভাবে ছত্রভঙ্গ হয়ে  বিভিন্ন দিকে দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় ধানমন্ডি থানায় পুলিশ বাদী হয়ে মামলা করে।

আরও পড়ুন

×