সরকারি মেডিকেলে আরও ১০৩০ আসন বাড়ল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৩ | ১৩:২১ | আপডেট: ২৩ অক্টোবর ২০২৩ | ১৩:২১
দেশের সরকারি মেডিকেল কলেজগুলোতে এমবিবিএস কোর্সে আরও ১ হাজার ৩০টি আসন বৃদ্ধি করা হয়েছে। এতে সরকারি মেডিকেলে মোট আসন সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৩৮০টি।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
২০২৩-২০২৪ শিক্ষাবর্ষ থেকেই ভর্তিচ্ছুরা বর্ধিত আসনে ভর্তি হতে পারবেন বলে জানিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রতিটি সরকারি মেডিকেলে ২০ থেকে ৬০টি পর্যন্ত আসন বাড়ছে। এর মধ্যে সবচেয়ে বেশি আসন বেড়েছে শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজে ৬০টি। এ ছাড়া মানিকগঞ্জের কর্নেল মালেক ও শেখ হাসিনা মেডিকেল কলেজে ৪৯টি, শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ, সাতক্ষীরা মেডিকেল কলেজ ও সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজে ৩৫টি করে আসন বেড়েছে।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্র জানিয়েছে, দেশে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের সংখ্যা ১০৮টি। এতে মোট আসন সংখ্যা ১১ হাজার ১২২টি। এর মধ্যে ৩৭টি সরকারি মেডিকেল কলেজে আসন সংখ্যা ৪ হাজার ৩৫০টি।
আসন সীমিত হওয়ায় বহু মেধাবী শিক্ষার্থী সরকারি মেডিকেলে পড়ার সুযোগ থেকে বঞ্চিত হন। এ কারণে সরকারি মেডিকেল কলেজে নতুন আরও ১ হাজার ৩০টি আসন অনুমোদন দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
