২০৪০ সাল নাগাদ দেশ তামাকমুক্ত হবে: তথ্যমন্ত্রী
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ- ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৩ অক্টোবর ২০১৯ | ০৯:২৮
সবার সম্মিলিত প্রচেষ্টায় ২০৪০ সাল নাগাদ দেশকে তামাকমুক্ত করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, বাংলাদেশে তামাকজাত পণ্য ব্যবহারকারীর সংখ্যা বা হার ধীরে ধীরে কমছে। সেটি ৪০ থেকে ৩৫ শতাংশে নেমে এসেছে। এ হার কমাতে সরকার অনেক পদক্ষেপ গ্রহণ করছে। ইতোমধ্যে আইন করা হয়েছে, আইনের প্রয়োগও হচ্ছে। জনসমক্ষে সিগারেট খাওয়ার কারণে জরিমানা করা হচ্ছে।
বুধবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে বেসরকারি সংস্থা প্রজ্ঞা ও আত্মা আয়োজিত 'ফ্রেমওয়ার্ক কনভেনশন অন টোব্যাকো কন্ট্রোল আর্টিক্যাল ৫.৩ বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন' প্রকাশ ও তামাকবিরোধী গণমাধ্যম পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তথ্যমন্ত্রী এ কথা বলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে সভায় সম্মানীয় অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং ইন্টারপার্লামেন্টারি-আইপিইউর অনারারি প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরী এমপি। বিশেষ অতিথি ছিলেন সিটিএফকে গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটরের বাংলাদেশ সমন্বয়ক মুহাম্মাদ রুহুল কুদ্দুস ও সেন্টার ফর গুড গভর্ন্যান্স ইন টোব্যাকো কন্ট্রোল (জিজিটিসি) প্রধান ড. মেরি আসুন্তা। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আত্মার আহ্বায়ক ও সিনিয়র ক্রাইম রিপোর্টার মর্তুজা হায়দার লিটন, প্রজ্ঞার নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের। অনুষ্ঠান সঞ্চালনা করেন আত্মার সহ-আহ্বায়ক নাদিরা কিরণ।
তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর লক্ষ্য ও নির্দেশনায় তামাকজাত পণ্য ব্যবহার হ্রাসে অনেক অগ্রগতি হয়েছে। সরকার সবাইকে সঙ্গে নিয়ে এ কাজগুলো এগিয়ে নিয়ে যেতে চায়। সবার সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশের নির্ধারিত লক্ষ্য ২০৪০ সাল নাগাদ একটি তামাকমুক্ত বাংলাদেশ রচনা করা সম্ভব।
তথ্যমন্ত্রী বলেন, বিদেশি প্রতিষ্ঠান প্রণীত প্রতিবেদনে দেশকে খাটো করে দেখানো হয়। ইউরোপে সব ক্যাফেতে ছেলেমেয়ে যেভাবে ধূমপান করে, সেখানে একজন অধূমপায়ীর জন্য বসে থাকা কঠিন। বাংলাদেশে সেই পরিস্থিতি নেই।
ই-সিগারেটের বিষয়ে সতর্কবার্তা উচ্চারণ করে তথ্যমন্ত্রী বলেন, 'ই-সিগারেট ধীরে ধীরে বাড়ছে এবং এই ই-সিগারেট পুরোপুরি বন্ধ হওয়া প্রয়োজন। ভারতে সেটির আমদানি বন্ধ করা হয়েছে। বাংলাদেশেও এর আমদানি পুরোপুরি বন্ধ হওয়া প্রয়োজন। ইতোমধ্যে তিনি এ বিষয়টি প্রধানমন্ত্রীর দৃষ্টিতে এনেছেন।'
অনুষ্ঠানে প্রথম আলোর সোহাদা আফরিন, বাংলানিউজ টোয়েন্টি ফোরের শরীফ সুমন ও সময় টিভির মামুন আব্দুল্লাহর হাতে প্রজ্ঞা তামাক নিয়ন্ত্রণ সাংবাদিকতা পুরস্কার ২০১৯ তুলে দেন তথ্যমন্ত্রী।
