ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

ঢাবির ৪ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

ঢাবির ৪ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
×

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০১৯ | ১০:৪৩

অস্ত্র ও মাদক সংশ্লিষ্টতার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চার শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

স্থায়ীভাবে বহিষ্কার না করার কারণ দর্শানোর জন্য সাত কার্যদিবস সময় দিয়ে তাদের নোটিশ দেওয়া হয়েছে। এর মধ্যে কারণ দর্শাতে না পারলে তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একেএম গোলাম রব্বানী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, এই শিক্ষার্থীদের আগে হল কর্তৃপক্ষ হল থেকে স্থায়ী বহিষ্কার করেছিল। বিশ্ববিদ্যালয়ের নিয়ম শৃঙ্খলা বহির্ভূত এবং ফৌজদারি অপরাধে জড়িত থাকার অভিযোগে আবাসিক হল ও হোস্টেল প্রশাসনের মতবিনিময় সভার সিদ্ধান্ত অনুযায়ী তাদের সাময়িক বহিষ্কার করা হয়েছে।

গোলাম রাব্বানী বলেন, তাদের স্থায়ীভাবে বহিষ্কার না করার কারণ দর্শানোর জন্য সাত কার্যদিবস সময় দিয়ে নোটিশ দেওয়া হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন- বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ছাত্র হাসিবুর রহমান ওরফে তুষার, দর্শন বিভাগের আবু বকর ওরফে আলিফ, বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের ইমরান হোসেন এবং পালি ও বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের ছাত্র ইফতেখার ইসলাম ওরফে তুষার। তারা প্রত্যেকেই বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলের ছাত্র। অভিযুক্ত শিক্ষার্থীদের হল থেকে বহিষ্কার ছাড়াও তিন জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা হয়েছে।

গত ৮ অক্টোবর রাতে বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলের একটি কক্ষে অভিযান চালিয়ে হাসিবুর রহমান ও আবু বকরকে অস্ত্র ও মাদকসহ আটক করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ওই কক্ষের বাসিন্দা ইমরান হোসেন সেদিন পালিয়ে যান। পরে এই তিনজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়। এছাড়া হল প্রশাসনের অভিযোগের ভিত্তিতে ইফতেখার ইসলাম নামের আরেক শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

আরও পড়ুন

×