শাবিতে ভর্তি পরীক্ষা: অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে পুলিশের নির্দেশ
সিলেট ব্যুরো
প্রকাশ: ২৩ অক্টোবর ২০১৯ | ১১:১৭
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের নিরাপত্তাসহ অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে নির্দেশনা দিয়েছে সিলেট মহানগর পুলিশ।
বুধবার মহানগর পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে আগামী ২৬ অক্টোবর শাবির ভর্তি পরীক্ষা সামনে রেখে ১১ দফা নির্দেশনা জারি করা হয়। এই পরীক্ষায় অংশ নিতে দেশের বিভিন্ন জায়গা থেকে ৭০ হাজারের বেশি শিক্ষার্থী ও তাদের অভিভাবক সিলেটে আসবেন। পরীক্ষা শেষে ফেরার জন্য সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রামসহ সবক'টি রুটে ট্রেন ও বাসের টিকিট এক সপ্তাহ আগেই শেষ হয়ে যায়।
সংবাদ বিজ্ঞপ্তিতে শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের নিরাপত্তার পাশাপাশি কোনো রকম গুজবে বিভ্রান্ত না হয়ে যে কোনো প্রয়োজনে পুলিশের সহায়তা নেওয়ার পরামর্শ দেওয়া হয়।
এরই মধ্যে নিরাপত্তার জন্য সিলেট মহানগর পুলিশ সব ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে আগত পরীক্ষার্থী ও অভিভাবকদের ভোরবেলা বাস বা ট্রেন থেকে নেমে কাউন্টারের ওয়েটিং রুমে সূর্যোদয় পর্যন্ত অপেক্ষা করা এবং পাবলিক বা গণপরিবহন ছাড়া অন্য যানবাহনে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। এছাড়া মূল্যবান জিনিসপত্র নিজ হেফাজতে রাখা, নির্জন স্থান এড়িয়ে চলা, সিএনজি অটোরিকশা বা রিকশায় অপরিচিত যাত্রীর সঙ্গে না উঠতে বা সতর্ক থাকতে বলা হয়েছে।
এদিকে সিলেট নগরীর বাসচালক, সিএনজিচালক, লেগুনাচালকসহ অন্যদের আগত পরীক্ষার্থী ও অভিভাবকদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর ক্ষেত্রে সার্বিক সহায়তা এবং অতিরিক্ত ভাড়া আদায় থেকে বিরত থাকার অনুরোধ করা হয়েছে। একইভাবে হোটেলের মালিক/ম্যানেজারদের আগতদের কাছ থেকে নির্ধারিত ভাড়া আদায়ের অনুরোধ করেছে পুলিশ।
যে কোনো প্রয়োজনে মহানগর পুলিশের কন্ট্রোল রুম (০১৭১৩-৩৭৪৩৭৫, ০১৯৯৫-১০০১০০, ০৮২১-৭১৬৯৬৮) বা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ যোগাযোগ করতে বলা হয়েছে।
