নিপুণ রায়ের জামিন বহাল
নিপুণ রায় চৌধুরী (ফাইল ফটো)
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৩ | ১২:৪৭ | আপডেট: ১২ ডিসেম্বর ২০২৩ | ১৩:৫৮
নাশকতার ৪ মামলায় ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীর জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। এর মধ্যে প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলাও রয়েছে। মঙ্গলবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ৫ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে নিপুণের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী।
জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল বলেন, প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় যে বা যারাই জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। তবে নিপুণ রায়ের বিরুদ্ধে এ মামলায় সুনির্দিষ্ট অভিযোগ নেই। পরে আপিল বিভাগ নিপুণ রায় চৌধুরীর হাইকোর্টের দেওয়া আগাম জামিন বহাল রেখে আদেশ দেন।
গত ৪ ডিসেম্বর প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় মামলাসহ নাশকতার ৮ মামলায় নিপুণ রায় চৌধুরীর আগাম জামিন মঞ্জুর করেন হাইকোর্ট। ১১ জানুয়ারি পর্যন্ত তাকে আগাম জামিন দেওয়া হয়। ওই সময়ের মধ্যে তাকে নিম্ন আদালতে হাজির হতে বলা হয়।
রাজধানীর রমনা ও পল্টন থানায় ৭টি এবং দক্ষিণ কেরানীগঞ্জ থানায় দায়ের করা এক মামলায় তাকে জামিন দেওয়া হয়।
- বিষয় :
- জামিন
- নিপুণ রায় চৌধুরী
- মামলা
