নির্বাচন পর্যবেক্ষণ করবে ভারত চীন রাশিয়াসহ ৯ দেশ
প্রতীকী ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৩ | ২২:১০ | আপডেট: ২১ ডিসেম্বর ২০২৩ | ২২:১৪
আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করার বিষয় এখন পর্যন্ত ৯টি দেশ নিশ্চিত করেছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার বিকেলে সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন।
তিনি বলেন, এখন পর্যন্ত ৯টি দেশ পর্যবেক্ষক পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছে। সেগুলো হলো– ভারত, চীন, রাশিয়া, শ্রীলঙ্কা, জাপান, উজবেকিস্তান, মরিশাস, জর্জিয়া ও ফিলিস্তিন।
সেহেলী সাবরীন আরও জানান, পর্যবেক্ষণ নিশ্চিত করা দেশগুলোর মধ্যে ভারত, চীন ও রাশিয়ার পর্যবেক্ষক রয়েছেন। এ ছাড়া ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বিশেষজ্ঞ দল, ওআইসি, কমনওয়েলথ ও আরব পার্লামেন্ট নির্বাচন পর্যবেক্ষণ করবে। তাদের মধ্যে ইইউর একটি বিশেষজ্ঞ দল বর্তমানে বাংলাদেশে অবস্থান করছে। তারা ২৪ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশে থাকবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, নির্বাচন কমিশন বর্তমানে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের কাছ থেকে অনুমতির জন্য পাওয়া আবেদন পর্যালোচনা করছে। তাদের মধ্যে কতজন বাংলাদেশে আসবেন, তা কমিশন চূড়ান্ত করার পর জানা যাবে।
