ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

গ্রামীণফোন বিটিআরসিকে কত দিতে পারবে, জানতে চান আপিল বিভাগ

গ্রামীণফোন বিটিআরসিকে কত দিতে পারবে, জানতে চান আপিল বিভাগ
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০১৯ | ০৭:৫৩

নিরীক্ষা অনুয়ায়ী বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) পাওনা ১২ হাজার ৫৭৯ কোটি ৯৫ লাখ টাকার মধ্যে বেসরকারি মোবাইল অপারেটর কোম্পানি গ্রামীণফোন ন্যূনতম কত টাকা পরিশোধ করতে পারবে, তা জানতে চেয়েছেন আপিল বিভাগ। আগামী ৩১ অক্টোবরের মধ্যে গ্রামীণফোন কর্তৃপক্ষকে এই তথ্য জানাতে বলা হয়েছে।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ বৃহস্পতিবার এই আদেশ দেন। পাশাপাশি ওইদিন (৩১ অক্টোবর) বিষয়টি ফের শুনানির জন্য ধার্য করা হয়েছে।

এদিকে বিটিআরসি'র পাওনা ৮৬৭ কোটি ২৩ লাখ টাকা আদায়ে নিষেধাজ্ঞা চেয়ে বেসরকারি মোবাইল অপারেটর রবি'র আবেদনের বিষয়ে আগামী ৩ নভেম্বর আদেশের দিন ধার্য করেছেন হাইকোর্ট। বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খিজির হায়াত সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এই দিন পুনঃ নির্ধারণ করেন।

প্রায় ২৭টি খাতে ১২ হাজার ৫৮০ কোটি টাকা দাবি করে গত ২ এপ্রিল গ্রামীণফোনকে চিঠি দেয় বিটিআরসি। এই চিঠির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলে ওই অর্থ আদায়ের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে নিম্ন আদালতে একটি মামলা করে গ্রামীণফোন। ২৮ আগস্ট নিম্ন আদালত গ্রামীণফোনের অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন না মঞ্জুর করেন। পরে ওই না মঞ্জুর আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে গ্রামীণফোন। এ প্রেক্ষিতে ১৭ অক্টোবর আপিলটি গ্রহণ করে দুই মাসের জন্য গ্রামীনফোনের কাছ থেকে টাকা আদায়ে নিষেধাজ্ঞা দেন হাইকোর্ট। পাশাপাশি ৫ নভেম্বর এই আপিলের ওপর শুনানির দিন ধার্য করা হয়। তবে এরই মধ্যে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে বিটিআরসি কর্তৃপক্ষ আবেদন করলে শুনানি নিয়ে বৃহস্পতিবার আদেশ দেন আপিল বিভাগ।

আদালতে গ্রামীণফোনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এএম আমিন উদ্দিন ও ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস। তাদের সঙ্গে ছিলেন আইনজীবী শরীফ ভুইয়া ও তানিম হোসেইন শাওন। অন্যদিকে বিটিআরসির পক্ষে ছিলেন আইনজীবী মাহবুবে আলম ও খন্দকার রেজা-ই-রাকিব।

পরে খন্দকার রেজা-ই-রাকিব সাংবাদিকদের বলেন, আদালত কতগুলো পর্যবেক্ষণ দিয়ে বলেছেন, নিম্ন আদালতে টাইটেল স্যুট (স্বত্ব চেয়ে মামলা) না করে স্যুট ফর অ্যাকাউন্টসে করা উচিৎ ছিল। এছাড়া গ্রামীণফোন এখন ন্যূনতম কত টাকা দিতে পারবে তা জানাতে বলা হয়েছে। আগামী বৃহস্পতিবার আদালত এ বিষয়ে আদেশ দেবেন।

এদিকে বৃহস্পতিবার হাইকোর্টে রবি'র পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী প্রবীর নিয়োগী ও ব্যারিস্টার কাজী এরশাদুল আলম।

রিটের বিষয়ে ব্যারিস্টার কাজী এরশাদুল আলম সাংবাদিকদের বলেন, গত ৩১ জুলাই ৮৬৭ কোটি ২৩ লাখ টাকা দাবি করে রবিকে চিঠি দেয় বিটিআরসি। পুনঃনিরীক্ষার পর কোম্পানির কাছে এই টাকা পাওনা বলে চিঠিতে দাবি করা হয়। পরে রবি ওই চিঠির বিষয়ে নিম্ন আদালতে টাইটেল স্যুট (মামলা) করে। একইসঙ্গে ওই মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অর্থ আদায়ের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করে। কিন্ত পরে নিম্ন আদালত রবি'র অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন খারিজ করে দেন। ওই আদেশের বিরুদ্ধে ২০ অক্টোবর রবি'র পক্ষে হাইকোর্টে করা আপিলটি গ্রহণ করা হয়।

আরও পড়ুন

×