রিমান্ড শেষে সম্রাট কারাগারে
ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট- ফাইল ছবি
আদালত প্রতিবেদক
প্রকাশ: ২৪ অক্টোবর ২০১৯ | ০৯:০৯
অস্ত্র ও মাদক আইনের দুই মামলায় রিমান্ড শেষে যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বৃহস্পতিবার ১০ দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। এ সময় মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। অন্যদিকে, সম্রাটের আইনজীবীরা তার জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকা মহানগর হাকিম বাকী বিল্লাহ।
এর আগে গত ১৫ অক্টোবর অস্ত্র মামলায় পাঁচ দিন ও মাদক মামলায় সম্রাটের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। ক্যাসিনোবিরোধী অভিযানের পর ৬ অক্টোবর ভোরে কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে সম্রাট ও তার সহযোগী এনামুল হক আরমানকে আটক করে র্যাব। পরদিন এ দুই আসামিকে গ্রেপ্তার দেখানো ও রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। ওই দিন আদালত আসামিদের উপস্থিতিতে শুনানির জন্য ৯ অক্টোবর দিন ধার্য করেন। কিন্তু ৯ অক্টোবর সম্রাট অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তাকে আদালতে হাজির করা হয়নি। এরপর ১৫ অক্টোবর ১০ দিনের রিমান্ডে পাঠান আদালত।
শামীম-খালেদকে রিমান্ডে চায় দুদক : জি কে বিল্ডার্সের স্বত্বাধিকারী যুবলীগের বহিষ্কৃত নেতা এস এম গোলাম কিবরিয়া শামীম ও বহিষ্কৃত যুবলীগ নেতা খালেদ মাহমুদ ভূঁইয়াকে রিমান্ডে নেওয়ার জন্য আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আদালত আগামী ২৭ অক্টোবর রিমান্ড শুনানির দিন ধার্য করেন।
- বিষয় :
- ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট
- কারাগার