ভিকারুননিসার গভর্নিং বডির নির্বাচন শুক্রবার
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৪ অক্টোবর ২০১৯ | ০৯:৪৪
রাজধানীর খ্যাতনামা শিক্ষাপ্রতিষ্ঠান ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা পর্ষদের (গভর্নিং বডি) নির্বাচন শুক্রবার। আগামী দুই বছর প্রতিষ্ঠানটি পরিচালনার জন্য অভিভাবক ও শিক্ষক প্রতিনিধি নির্বাচন করা হবে।
সকাল ১০টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত। এ নির্বাচনে প্রার্থী হয়েছেন ৩৩ জন। ২৩ হাজারের বেশি ভোটার ভোট দেবেন এবারের নির্বাচনে।
এ নির্বাচন নিয়ে বেশ কিছুদিন ধরেই সরগরম ছিল বেইলি রোডের প্রধান ক্যাম্পাসসহ প্রতিষ্ঠানের অন্য তিনটি শাখা ক্যাম্পাস। পোস্টারে পোস্টারে ছেয়ে আছে পুরো এলাকা। চলেছে ছাত্রীদের বাড়ি বাড়ি গণসংযোগ। প্রার্থীরা নানাভাবে অভিভাবকদের সমর্থন ও সহানুভূতি আদায়ের চেষ্টা চালিয়েছেন। শুক্রবার অভিভাবকরা তাদের চূড়ান্ত রায় দেবেন।
জানা গেছে, ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফারজানা জামান নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন। এর আগে গত ১ থেকে ৩ অক্টোবর নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ করা হয়। ৬ অক্টোবর ছিল মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন। বাছাইকালে আগের কমিটির সব সদস্যের মনোনয়ন বাতিল করা হয়।
নির্বাচনের সার্বিক বিষয়ে জানতে চাইলে ভিকারুননিসার অধ্যক্ষ অধ্যাপক ফৌজিয়া বৃহস্পতিবার সন্ধ্যায় সমকালকে বলেন, গভর্নিং বডির নির্বাচন অনুষ্ঠানের সব আয়োজন তারা শেষ করে এনেছেন। নির্বাচনের পরিবেশ যথেষ্ট শান্তিপূর্ণ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আজ ভিকারুননিসার বেইলি রোড, আজিমপুর, বসুন্ধরা ও ধানমন্ডি- এই চারটি শাখায় একযোগে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সংরক্ষিত নারী আসনসহ প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ পর্যায় থেকে মোট ছয়জন অভিভাবক প্রতিনিধি ভোটের মাধ্যমে এদিন নির্বাচিত হবেন। এর মধ্যে অভিভাবক প্রতিনিধি হিসেবে প্রাথমিক শাখায় ছয়জন, মাধ্যমিক শাখায় নয়জন, কলেজ শাখায় আটজন, সংরক্ষিত নারী অভিভাবিকা পদে একজন, কলেজ শাখার শিক্ষক প্রতিনিধি হিসেবে একজন, স্কুল শাখার শিক্ষক প্রতিনিধি হিসেবে চারজন এবং সংরক্ষিত নারী শিক্ষিকা হিসেবে একজন প্রার্থী হয়েছেন।
২০১৭ সালের মার্চ মাসে এ প্রতিষ্ঠানটির গভর্নিং বডির সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।