শিক্ষার্থীদের নিয়ে ভিসির বাসভবনে থাকার ঘোষণা ডাকসু নেতার
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ: ২৪ অক্টোবর ২০১৯ | ১০:৪৫
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক সংকট নিরসন ও গণরুম সমস্যার কার্যকর সমাধান না হওয়ায় বিভিন্ন হলের গণরুমের শিক্ষার্থীদের নিয়ে উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামানের বাসভবনে থাকার ঘোষণা দিয়েছেন ডাকসু সদস্য তানভীর হাসান সৈকত।
আগামী মঙ্গলবার ভিসির সঙ্গে সকালের নাশতা করার মাধ্যমে তার বাসভবনে থাকা শুরু করবেন বলে জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার বিকেলে ঢাবি সাংবাদিক সমিতি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলের গণরুমের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের আবাসিক সংকট নিরসন ও গণরুম সমস্যা সমাধানের দাবিতে গত ১ সেপ্টেম্বর থেকে নিজের সিট ছেড়ে গণরুমে থাকছেন ডাকসু সদস্য সৈকত। পরে ৩ সেপ্টেম্বর ভিসির কাছে স্মারকলিপি দেন। তারপরও আবাসন সংকট ও গণরুম সমস্যার সমাধান হয়নি।
বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে সৈকত বলেন, 'উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ অভিভাবক হয়েও শিক্ষার্থীদের আবাসন সংকট সমাধান করতে পারছেন না। শিক্ষার্থীরা মানবেতর জীবনযাপন করবে আর তিনি প্রাসাদোপম বাংলোয় আয়েশে থাকবেন– এটা কোনোভাবেই অভিভাবকসুলভ কাজ হতে পারে না।'
- বিষয় :
- ডাকসু
- ডাকসু নেতা
- ঢাবি ভিসি
- ঢাবির গণরুম