ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সিএমএসডিতে ঝটিকা অভিযান স্বাস্থ্যমন্ত্রীর

সিএমএসডিতে ঝটিকা অভিযান স্বাস্থ্যমন্ত্রীর
×

সিএমএসডি পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী ডা সামন্ত লাল সেন। ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৪ | ১৭:৫০

রাজধানীর তেজগাঁওয়ে কেন্দ্রীয় ঔষধাগারের ডিপোতে (সিএমএসডি) ঝটিকা পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী ডা সামন্ত লাল সেন। আজ দুপুর দুপুর ১টা ৫০ মিনিট থেকে ২টা ২৫ মিনিট পর্যন্ত স্বাস্থ্যমন্ত্রী সিএমএসডি ঘুরে দেখেন। এ সময় স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবিএম খুরশীদ আলম উপস্থিত ছিলেন। 

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মো. মাইদুল ইসলাম প্রধানের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুপুরে স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলম ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবিএম খুরশীদ আলমকে সঙ্গে নিয়ে কোথায় যাচ্ছেন কাউকে না জানিয়ে এবং সিএমএসডির কাউকেই আগে থেকে কিছু অবগত না করে ঝটিকা অভিযান পরিচালনা করেন স্বাস্থ্যমন্ত্রী ডা সামন্ত লাল সেন। 

সিএমএসডিতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী প্রায় ৩৫ মিনিট পুরো স্টোরেজ ঘুরে দেখেন এবং সেখানে উপস্থিত কর্মকর্তাদের বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসা করেন। এ সময় মন্ত্রী সেখানে শত শত কার্টন নানা রকম জরুরি স্বাস্থ্যসেবা সামগ্রী অকেজো অবস্থায় পড়ে থাকতে দেখেন এবং নানা অনিয়ম দেখতে পান।

এছাড়া্র নানা রকম জরুরি স্বাস্থ্যসেবার পণ্য সেখানে অনেক দিন ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। অনেক জরুরি পণ্য অব্যবহৃত অবস্থায় সেখানে মেয়াদ শেষ হয়ে গেল কীভাবে? তা উপস্থিত সিএমএসডিতে কর্মরত ঊর্দ্ধতন কর্মকর্তাদের জিজ্ঞেস করেন। স্বাস্থ্যমন্ত্রীর অধিকাংশ প্রশ্নেরই উত্তর করতে পারেননি উপস্থিত সিএমএসডি কর্মকর্তারা।

স্বাস্থ্যমন্ত্রী এসব অনিয়ম দেখে আগামী সাত দিনের মধ্যে মন্ত্রীর কাছে একটি লিখিত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন।

আরও পড়ুন

×