ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

ইভ্যালির রাসেল-শামীমার বিরুদ্ধে অভিযোগ গঠন

চেক প্রতারণার মামলা

ইভ্যালির রাসেল-শামীমার বিরুদ্ধে অভিযোগ গঠন
×

ইভ্যালির এমডি মোহাম্মদ রাসেল এবং প্রতিষ্ঠানের চেয়ারম্যান তার স্ত্রী শামীমা নাসরিন। ছবি-সংগৃহীত

আদালত প্রতিবেদক

প্রকাশ: ২৮ মার্চ ২০২৪ | ১৭:১৬

চেক প্রতারণার মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির এমডি মোহাম্মদ রাসেল এবং প্রতিষ্ঠানের চেয়ারম্যান তার স্ত্রী শামীমা নাসরিনের বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠনের আদেশ দিয়েছেন আদালত। ঢাকার ষষ্ঠ যুগ্ম মহানগর দায়রা জজ হুমায়ুন কবির বৃহস্পতিবার এ আদেশ দেন। একই সঙ্গে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। এরমধ্যে দিয়ে এ মামলার বিচার শুরু হলো। 

মামলার বাদী জনৈক তোফাজ্জল হোসেনের আইনজীবী মো. মিয়া হোসেন জানান, আদালতে (আজ) এ মামলার অভিযোগ গঠনের জন্য দিন ধার্য ছিল। কিন্তু আসামিরা উপস্থিত না থাকায় অভিযোগ গঠন করে তাদের বিরুদ্ধে পরোয়ানা জারি করেন আদালত। 

মামলার অভিযোগ থেকে জানা যায়, আসামিদের প্রতিষ্ঠান ইভ্যালি ডটকম লিমিটেডের পক্ষ থেকে বিশেষ ছাড়ে মোটরসাইকেল বিক্রির অফার অনলাইনের (ইভ্যালি ডটকম) মাধ্যমে দেখতে পান। এরপর ২০২১ সালের ২৬ ফেব্রুয়ারি এক লাখ ৪৯ হাজার ৬৩৫ টাকা পরিশোধ করে অর্ডার করেন বাদী। 

মোটরসাইকেলটি অর্ডারের ৪৫ দিনের মধ্যে ডেলিভারি করার কথা ছিল। আসামিরা নির্ধারিত সময়ে মোটরসাইকেলটি ডেলিভারি করতে না পারায় ওই বছরের ২৮ জুন দুই লাখ ৫০ হাজার টাকার সিটি ব্যাংকের একটি চেক ইভ্যালি ডটকম লিমিটেডের পক্ষ থেকে স্বাক্ষর করে ইস্যু করা হয়।  কিন্তু ব্যাংকে টাকা উত্তোলন করতে গেলে চেকটি ডিজঅনার হয়। এরপর ২০২২ সালে আদালতে মামলা করেন বাদী।

আরও পড়ুন

×