ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

বাবা হওয়ার ১০ দিন পর বাসচাপায় পা হারালেন মাহাদি

বাবা হওয়ার ১০ দিন পর বাসচাপায় পা হারালেন মাহাদি
×

হাসপাতালে চিকিৎসাধীন মাহাদি হাসান -সমকাল

সাজ্জাদ হোসেন

প্রকাশ: ২৭ অক্টোবর ২০১৯ | ০১:১২ | আপডেট: ২৭ অক্টোবর ২০১৯ | ০১:৩৫

মাত্র ১০ দিন আগেই প্রথম সন্তানের বাবা হয়েছেন মাহাদি হাসান (৩২)। যখন এই আনন্দে ভাসছিলেন মাহাদি, তখনই তার জীবনে নেমে এল অমানিশার অন্ধকার। ছেলের নাম রাখার আগেই বেপরোয়া বাসের চাপায় পা হারিয়ে এখন ঢাকার পঙ্গু হাসপাতালের বিছানায় ছটফট করছেন তিনি।

আহত মাহাদি ময়মনসিংহ সদর উপজেলার পশ্চিম দাপুনিয়া এলাকার বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিনের ছেলে। তিনি স্থানীয় একটি মসজিদের ইমাম।

আহত মাহাদি জানান, গত সোমবার রাত সাড়ে ৯টার দিকে শহরের শম্ভুগঞ্জ থেকে মোটরসাইকেল চালিয়ে চড়পাড়া এলাকায় যাচ্ছিলেন তিনি। পথে শম্ভুগঞ্জ রেলগেট এলাকায় কিশোরগঞ্জগামী একটি বাসকে অপর একটি বাস ওভারটেক করার সময় তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এ সময় তিনি ছিটকে রাস্তায় পড়ে যান। পরে বাসটি তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এরপর আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠিয়ে দেন। এখানে আসার পর জীবন বাঁচাতে চিকিৎসকরা তার ডান পা হাঁটুর নিচ থেকে কেটে ফেলেন।

মাহাদি বলেন, মোটরসাইকেলে ধাক্কা দেওয়ার পর বাসটি ব্রেক করলে আমার এত বড় ক্ষতি হতো না। আমি রাস্তায় পড়ে যাওয়ার পর চালক বাসটি না থামিয়ে আরও গতি বাড়িয়ে আমাকে চাপা দিয়ে পালিয়ে যায়।

এ সময় কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, কয়েকদিন পর যে সন্তানকে হাত ধরে আমার হাঁটা শেখানোর কথা, এখন সেই সন্তানের কাঁধে ভর দিয়ে আমাকে বাকি জীবন চলতে হবে।

মাহাদির বড় ভাই সাংবাদিক সাখাওয়াত হোসেন বলেন, মাহাদি বর্তমানে পঙ্গু হাসপাতালের জরুরি বিভাগের আইজে ওয়ার্ডের ২৫নং বিছানায় ডা. ওয়াহিদুর রহমানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন। চিকিৎসকরা জানিয়েছেন, তার পুরোপুরি সুস্থ হতে দীর্ঘদিন সময় লাগবে। সুস্থ হওয়ার পর কৃত্রিম পা সংযোজন করতে পারবেন মাহাদি। 

আরও পড়ুন

×