বোরহানুদ্দীন কলেজের দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি গঠন
বিশেষ প্রতিনিধি
প্রকাশ: ২৭ অক্টোবর ২০১৯ | ০২:০৬
শেখ বোরহানুদ্দীন পোস্ট গ্রাজুয়েট কলেজে পরিচালনায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্ত করতে তিন সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
রোববার জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন প্রফেসর ড. মো আনোয়ার হোসেনকে প্রধান করে কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন- জয়ন্ত ভট্টাচার্য্য, উপ রেজিস্ট্রার (পরিষদ) ও মো. সিদ্দিকুর রহমান,উপ রেজিস্ট্রার (আইন)।
দুই সপ্তাহের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এর আগে গভর্নিং বডির সভাপতি অধ্যাপক হারুনর রশিদের অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার প্রতিবাদে শেখ বোরহানুদ্দীন কলেজের শিক্ষকরা আন্দোলনে নামেন।
শিক্ষকদের অভিযোগ, সভাপতি যোগদানের পর থেকে নানা কায়দায় ও ফন্দি করে টাকা লুটপাট করছিলেন। প্রায় ১৭ কোটি টাকায় কেরানীগঞ্জে জমি কেনেন। এ ব্যাপারে শিক্ষকদের মতামত উপেক্ষা করা হয়েছে। জমি কেনায় জাল দলিলের অভিযোগ আছে। কোনো কোনো দলিলে প্রদেয় অর্থের বেশি উল্লেখ করা হয়েছে। এভাবে জমি কেনার নামে অর্থ লুটের অভিযোগ উঠেছে।
তাদের অভিযোগ, সরকারি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ম ভেঙে ৪৫ জন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগ পরীক্ষার উত্তরপত্র তাৎক্ষণিক মূল্যায়ন না করে ১৫-২০ দিন পর ফল প্রকাশ করা হয়। ফলে নিয়োগ নিয়ে প্রশ্ন আছে।ৱ
বানোয়াট অভিযোগে স্থায়ী অধ্যক্ষকে বরখাস্ত করে নতুন অধ্যক্ষ নিয়োগের উদ্যোগ নিলে শিক্ষকরা সভাপতিকে ঘেরাও করে আন্দোলন শুরু করেন।