ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

এমসিসিআই ও পলিসি এক্সচেঞ্জের জরিপ

বাংলাদেশে ব্যবসার পরিবেশের অবনতি

বাংলাদেশে ব্যবসার পরিবেশের অবনতি
×

ছবি-সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ৩০ মে ২০২৪ | ১৪:৩৬ | আপডেট: ৩০ মে ২০২৪ | ১৪:৫৩

দেশে সামগ্রিকভাবে ব্যবসার পরিবেশের অবনতি হয়েছে। শীর্ষস্থানীয় বাণিজ্য সংগঠন মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই ) এবং গবেষণা সংস্থা পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের যৌথ উদ্যোগে এক জরিপে ২০২৩-২৪ সময়কালে বাংলাদেশে ব্যবসা পরিবেশ সূচকে স্কোর দাঁড়িয়েছে ১০০ এর মধ্যে ৫৮ দশমিক ৭৫, যা ২০২২-২৩ সময়কালে ৬১ দশমিক ৯৫ ছিল। 

বৃহস্পতিবার এমসিসিআইর গুলশান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়।

ব্যবসা পরিবেশে সূচক তৈরিতে এবার ১১ টি মানদণ্ড বিবেচনায় নেওয়া হয়। এর মধ্যে ১০টি গতবারের সূচকে ছিল। ১০টির মধ্যে ৭টি তে এবার অবনতি হয়েছে। এগুলো হলো- ব্যবসা শুরু করা, অবকাঠামো, শ্রম বিধি-বিধান, রেগুলেটরি তথ্যের সহজলভ্যতা, বিরোধ নিষ্পত্তি, অর্থায়ন পাওয়া এবং কর পরিশোধ।  অপরদিকে প্রযুক্তি গ্রহণ, জমির প্রাপ্যতা ও বাণিজ্য প্রক্রিয়ার সহজীকরণ মানদণ্ডে উন্নীত হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়, গত বছর ব্যবসার পরিবেশের উন্নতিতে উল্লেখযোগ্য সংস্কার আনা হয়নি। আগের বছরের চেয়ে এবার স্কোর কমে যাওয়ার কারণ হচ্ছে- রাজস্ব আয় বাড়াতে কর কর্তৃপক্ষ থেকে ক্রমবর্ধমান চাপ, উচ্চ মূল্যস্ফীতি, আমদানি নিয়ন্ত্রণ, সুদহার বৃদ্ধি, বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তা ইত্যাদি।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। স্বাগত বক্তব্য দেন এমসিসিআই সভাপতি কামরান টি রহমান। প্রতিবেদন উপস্থাপন করেন পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান ড. মাসরুর রিয়াজ।

আরও পড়ুন

×