অপরাধীদের বিরুদ্ধে আইন তার নিজস্ব গতিতে চলবে: প্রধানমন্ত্রী
ফাইল ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ অক্টোবর ২০১৯ | ০৯:২১
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অপরাধীদের বিরুদ্ধে আইন তার নিজস্ব গতিতে চলবে, সে যেই হোক এবং যে দলই করুক না কেন। রোববার সন্ধ্যায় স্থানীয় হিলটন হোটেলে আজারবাইজানে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সাক্ষাৎকালে একথা বলেন তিনি। সন্ত্রাস, মাদক ও দুর্নীতিবিরোধী চলমান অভিযান প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, আপনারা দেখেছেন ব্যবস্থা নেওয়া হচ্ছে। যদি আমাদের দলের কেউ ও অপরাধে জড়িত হয়, সে তৎক্ষণাৎ শাস্তি ভোগ করছে। খবর বাসসের।
আওয়ামী লীগ সভাপতি বলেন, অপরাধীরা অপরাধীই, আমরা অপরাধীদের অপরাধীর দৃষ্টিতেই দেখবো এবং আমরা সেটাই দেখার চেষ্টা করছি।
অন্যকে শিক্ষা দেওয়াটা নিজের ঘর থেকেই শুরু করা উচিত উল্লেখ করে তিনি বলেন, (চলমান অভিযানে) আমি সেটাই করছি এবং আমি এটি অব্যাহত রাখবো।
বিএনপি-জামায়াত জোট সরকারের সমালোচনা করে শেখ হাসিনা বলেন, তাদের পাঁচ বছরের দুঃশাসনে দেশে দুর্নীতির কোনো সীমা ছিল না।
এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, আজারবাইজানের দূত হিসেবে দায়িত্বপ্রাপ্ত তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত এম আল্লামা সিদ্দিকী উপস্থিত ছিলেন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উন্নত চিকিৎসা প্রসঙ্গে এক প্রবাসীর প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি নেত্রী অন্যান্য বন্দীদের চেয়ে বেশি সুযোগ-সুবিধা লাভ করছেন। বেগম জিয়ার ইচ্ছা অনুযায়ী কারাগারে তার সঙ্গে একজন গৃহপরিচারিকা রাখা হয়েছে। তার মানে বেগম জিয়াকে কারাগারে সে সেবা করছে। কারাগারের ইতিহাসে বা কোন দেশে এমন নজির নেই- কোনো নিরপরাধ গৃহপরিচারিকা একজন বন্দীর সঙ্গে কারাগারে অবস্থান করে। কিন্তু খালেদা জিয়া সেই সুবিধা ভোগ করছেন। বেগম জিয়াকে বিএসএমএমইউতে একটি কেবিনে রেখে চিকিৎসা প্রদান করা হচ্ছে। বিএনপি বলছে, বেগম জিয়া অসুস্থ। তারা তার (খালেদা জিয়ার) মুক্তির দাবিকে আন্দোলনের ইস্যু বানাতে এটা বলছে। কিন্তু বিএনপি তার মুক্তির আন্দোলন বা জনমত গঠন করতে পারেনি।
শেখ হাসিনা বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে বিগত কেয়ারটেকার সরকারের আমলে দায়েরকৃত মামলায় সাজা হয়েছে। আরো মামলা চলমান রয়েছে।
বেগম জিয়ার দুই ছেলে মানি লন্ডারিং, ২১ আগস্ট গ্রেনড হামলা ও ১০ ট্রাক অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত হয়েছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, সরকার সন্ত্রাসবাদ, দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে। অভিযানগুলোতে আমরা ভালো ফল পাচ্ছি।
রোহিঙ্গা সমস্যা সমাধানে মায়ানমারের সাথে আলোচনা চলছে জানিয়ে তিনি, এক লাখ রোহিঙ্গার জন্য ভাসানচরে আবাস গড়ে তোলা হয়েছে। কিন্তু কিছু এনজিও তাদের সেখানে যেতে দিতে চায় না।
দেশে একটি স্বার্থান্বেষী মহল তাদের হীন স্বার্থে বিভিন্ন বিষয়ে গুজব ছড়াচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশে স্বাস্থ্য, আইসিটি, সামাজিক নিরাপত্তা সেক্টরে ব্যাপক উন্নতি হয়েছে। বাংলাদেশ সাফল্যের কারণে বিশ্বে উন্নয়নের জন্য রোল মডেল হিসেবে পরিণত হয়েছে। দেশের আর্থ-সামজিক উন্নয়নে প্রবাসীদের অবদানের কথাও উল্লেখ করেন তিনি।
শেখ হাসিনা বলেন, সরকার বিভিন্ন দেশ থেকে আরো ১০টি বোয়িং এয়ারক্রাফট কিনে বিভিন্ন দেশের সঙ্গে বিমান নেটওয়ার্ক বাড়াতে উদ্যোগ গ্রহণ করেছে। এজন্য যুক্তরাষ্ট্র থেকে ২টি ও কানাডা থেকে ৩টি বোয়িং বিমান কেনা হবে।
- বিষয় :
- শেখ হাসিনা
- প্রধানমন্ত্রী