হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়
আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ড. ইউনূসের সাজা কার্যকর থাকবে
ড. মুহাম্মদ ইউনূস (ফাইল ফটো)
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৩ জুলাই ২০২৪ | ২১:২৬
শ্রম আইন লঙ্ঘনের মামলায় ড. মুহাম্মদ ইউনূসের ছয় মাসের সাজা শ্রম আপিল ট্রাইব্যুনালে স্থগিতের আদেশ বাতিল করা হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে। এতে ড. মুহাম্মদ ইউনূসের আপিলটি দ্রুত নিষ্পত্তি করতে শ্রম আপিল ট্রাইব্যুনালকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বুধবার ওয়েবসাইটে প্রকাশ করা ৫০ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়ে বলা হয়, আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের দণ্ড কার্যকর থাকবে। কারণ, আপিল বিচারাধীন অবস্থায় দণ্ড স্থগিতের কোনো বিধান নেই। কেবল আপিল নিষ্পত্তি করে দণ্ড বাতিল, বহাল বা সংশোধন হতে পারে। তা ছাড়া ‘সাজা কখনও স্থগিত হয় না’।
বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চ গত ১৮ মার্চ ওই রায় দেন। এতে আরও বলা হয়, যেহেতু শ্রম আপিল ট্রাইব্যুনাল থেকে ড. ইউনূসসহ চারজন জামিন পেয়েছেন, তাই দণ্ড স্থগিত আদেশের দরকার নেই। জামিন পাওয়ার পর সাজা-সংক্রান্ত আদেশ ও রায় স্বয়ংক্রিয়ভাবে এবং অন্তর্নিহিতভাবে স্থগিত হয়ে যায়। এ কারণে যতদিন পর্যন্ত ড. ইউনূসসহ চার আসামি জামিনে থাকবেন ততদিন পর্যন্ত সাজা স্থগিত থাকবে। আর আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জরিমানা স্থগিত থাকবে।
এ বিষয়ে ড. ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি রায়ের অনুলিপি পাননি বলে জানান।
শ্রম আইন লঙ্ঘনের দায়ে গত ১ জানুয়ারি নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. ইউনুস, গ্রামীণ টেলিকমের এমডি আশরাফুল হাসান, পরিচালক নুরজাহান বেগম ও মো. শাহজাহানকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন শ্রম আদালত। আপিল করার শর্তে তাদের ১ মাসের জামিনও দেওয়া হয়। পরে শ্রম আপিল ট্রাইব্যুনালে সাজা স্থগিতের পাশাপাশি জামিন চান আসামিরা।
শুনানি শেষে ট্রাইব্যুনাল সাজা স্থগিতের আদেশ দেন। এর বিরুদ্ধে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ১৮ মার্চ শ্রম আপিল ট্রাইব্যুনালের আদেশ স্থগিত করেন।
- বিষয় :
- শ্রম আইন
- ড. মুহাম্মদ ইউনূস
