ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

সিগারেটের দাম ও কর দুই-ই বাড়াতে হবে

সিগারেটের দাম ও কর দুই-ই বাড়াতে হবে
×

সিগারেটে কার্যকর করারোপ বিষয়ে উন্নয়ন সমন্বয় আয়োজিত বাজেট পরবর্তী নীতি সংলাপ

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১১ জুলাই ২০২৪ | ২৩:২৬

বিশিষ্ট অর্থনীতিবিদ ও বেসরকারি উন্নয়ন সংস্থা ‘উন্নয়ন সমন্বয়’-এর সভাপতি ড. আতিউর রহমান বলেছেন, সিগারেটের দাম বাড়াতে ‘বিগ পুশ’ দরকার। সিগারেটের কর ও দাম দুই-ই বাড়াতে হবে। অল্প করে দাম বাড়ানোয় সিগারেটের বিক্রি না কমে বরং বেড়েছে। বৃহস্পতিবার রাজধানীর বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্রে সিগারেটে কার্যকর করারোপ বিষয়ে উন্নয়ন সমন্বয় আয়োজিত বাজেট পরবর্তী নীতি সংলাপে তিনি এসব কথা বলেন।

আতিউর রহমান বলেন, মধ্যম স্তরের সিগারেট ২০১৯ সাল থেকে প্রতিবছর বিক্রির পরিমাণ ১.৪ শতাংশ হারে বেড়েছে। ২০১৯-২০ অর্থবছরে সিগারেট বিক্রি হয়েছিল মোট ৬৭.৯৪ বিলিয়ন শলাকা। ২০২৩-২৪ অর্থবছর নাগাদ তা বেড়ে দাঁড়িয়েছে ৭৯.৩৩ বিলিয়ন শলাকা।

সাম্প্রতিক বছরগুলোতে বাজেটে সব স্তরের সিগারেটের দাম অল্প করে হলেও একযোগে বাড়ানোকে স্বাগত জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস এ অধ্যাপক বলেন, তবে একই সঙ্গে এটাও স্পষ্ট, মূল্যস্ফীতির সঙ্গে সংগতি রেখে দাম না বাড়ানোয় সিগারেট সহজলভ্য হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। কার্যকর হারে করারোপ না করায় সরকার প্রাপ্য রাজস্ব থেকেও বঞ্চিত হচ্ছে। সর্বোপরি সিগারেট ব্যবহারের হার কাঙ্ক্ষিত মাত্রায় কমিয়ে আনা এবং সিগারেট ব্যবহারজনিত মৃত্যু ঠেকানোর সুযোগ পুরোপুরি কাজে লাগানো হয়নি।

সংলাপে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি বলেন, সিগারেটের রাজস্ব থেকে যা আয় হয়, তার থেকে স্বাস্থ্য খাতে বেশি ব্যয় হয়। এ ছাড়া সিগারেট যিনি খান, নিজের পাশাপাশি আশপাশের মানুষেরও ক্ষতি করেন। 

সংলাপে সংসদ সদস্য আখতারউজ্জামান ও আব্দুল্লাহ নাহিদ নিগার, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও নারী সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন, অপরাজিতা হক, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের সাবেক চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান প্রমুখ বক্তব্য দেন। সংলাপের শুরুতে প্রেক্ষাপট উপস্থাপন করেন উন্নয়ন সমন্বয়ের গবেষণা পরিচালক আব্দুল্লাহ নাদভী। সঞ্চালনায় ছিলেন হেড অব প্রোগ্রামস শাহীন উল আলম।

আরও পড়ুন

×