বিএনএমসি’র দুর্নীতিবাজ কর্মকর্তাদের পদত্যাগ দাবি
ছবি-সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৪ | ২০:৩৩
বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের (বিএনএমসি) রেজিস্ট্রার মো. নাসির উদ্দিন, ডেপুটি রেজিস্ট্রার রাশিদা আক্তারসহ দুর্নীতিবাজ কর্মকর্তাদের পদত্যাগ এবং বিচারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে সচেতন নার্সিং ও মিডওয়াইফ সমাজ।
বুধবার বেলা ১২টার দিকে রাজধানীর বিজয়নগর বিএনএমসি’র অফিসের অবস্থান নিয়ে সংগঠনটির সদস্যরা এ দাবি জানায়।
এসময় তাঁরা স্লোগান দেন, ‘দাবি মোদের একটাই, রেজিস্ট্রারের পদত্যাগ চাই’। বিএনএমসিতে অনিয়ম, চলবে না চলবে না। বিক্ষোভে থেকে রেজিস্ট্রারসহ দুর্নীতিবাজ কর্মকর্তাদের পদত্যাগে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন। এ সময়ের মধ্যে যদি তাঁদের দাবি মানা না হলে আরও বড় কর্মসূচি দেওয়ার হুমকি দেন তাঁরা।
খোঁজ নিয়ে জানা যায়, রেজিস্ট্রার মো. নাসির উদ্দিন এক সপ্তাহ ধরে অফিস করছেন না। ছুটি নিয়ে ওমরাহ করতে গিয়েছেন। তবে অনুষ্ঠানিকভাবে কাউকে দায়িত্ব দিয়ে যাননি। এছাড়া নার্সিং কাউন্সিলের পূর্বের রেজিস্ট্রার রাশিদা আক্তার অতিরিক্ত দায়িত্ব পালনকালে নানা অনিয়ম ও দুর্নীতির সংবাদ গণমাধ্যমে এসেছে।
আন্দোলনকারীরা বলেন, যে রেজিস্ট্রারকে অফিসে পাওয়া যায় না তাকে দায়িত্বে রেখে লাভ কি। এভাবে কোনো সরকারি অফিস চলতে পারে না। এসময় তাঁরা নার্সিং পেশার মান উন্নয়নে নানা দাবি তুলে ধরেন।
তাঁরা বলেন, বেসরকারি হাসপাতাল, অনিবন্ধিত ক্লিনিক, ভুয়া নার্স ও মিডওয়াইফ নির্মূল করতে হবে। নার্সদের মধ্য থেকে বিএনএমসি’র রেজিস্ট্রার নিয়োগ দিতে হবে। বেসরকারি নাসিং পেশায় নিয়োজিত শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা এবং নার্সিং সেক্টর থেকে প্রফেশনাল বিসিএস (সেবা ক্যাডার) চালুর উদ্যোগ নিতে হবে। নার্সিংয়ের ড্রেসকোড পরিবর্তন (সাদা) করতে হবে এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ে নার্সদের প্রতিনিধি রাখতে হবে। সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের নার্সিং ফ্যাকাল্টি চালুর ব্যবস্থা রাখতে হবে।
- বিষয় :
- নার্সিং কোর্স