নার্সিং কাউন্সিলের ডেপুটি রেজিস্ট্রার রাশিদা সাময়িক বহিষ্কার
রাশিদা
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৪ | ১৬:৫৯ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৪ | ১৭:১৬
বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের (বিএনএমসি) ডেপুটি রেজিস্ট্রার রাশিদাকে সাময়িক বহিষ্কার করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শাহ নুসরাত জাহান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, রাশিদা বরখাস্তকালীন খোরপোষ ভাতা পাবেন। জারিকৃত আদেশ অবিলম্বে কার্যকর হবে।
সিনিয়র সহকারী সচিব শাহ নুসরাত জাহান সমকালকে বলেন, বিএনএমসি’র ডেপুটি রেজিস্ট্রার রাশিদা বিরুদ্ধে দুর্নীতি, আর্থিক অনিয়ম ও অসদাচরণের বেশকিছু অভিযোগ মন্ত্রণালয় ও দুর্নীতি দমন কমিশনে জমা পড়েছে। কিছু অভিযোগের প্রমাণও পেয়েছে মন্ত্রণালয়। আবার কিছু অভিযোগ নতুন করে তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব অভিযোগের সুষ্ঠু তদন্তের স্বার্থে রাশিদা আক্তারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
গত বছর ২৩ নভেম্বর ‘ভুয়া বিল বানিয়ে ২৭ লাখ টাকা আত্মসাৎ’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে সমকাল। এরপর নড়েচড়ে বসে প্রশাসন। তার কয়েকদিন পর দুদকে ডেপুটি রেজিস্ট্রার রাশিদা আক্তারের বিরুদ্ধে অভিযোগ জমা পড়ে। এ সংক্রান্ত একটি অভিযোগ অনুসন্ধান করছে দুদক।
ইতোমধ্যে সাড়ে ১২ লাখ টাকা আত্মসাতের তথ্য মিলেছে ডেপুটি রেজিস্ট্রার রাশিদার বিরুদ্ধে। এই টাকা তার বেতন থেকে কেটে রাখার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। বাকি টাকার আত্মসাতের বিষয়ে তদন্ত চলমান রয়েছে।
দুদকের কাছে থাকা অভিযোগে বলা হয়, ২০১৬ সালে রাশিদাকে নার্সিং কাউন্সিলের ডেপুটি রেজিস্ট্রারের দায়িত্ব দেওয়া হয়, তখন তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতনসহ চারটি মামলা ছিল। এসব মামলার তথ্য গোপন করে পুলিশ ভেরিফিকেশন ছাড়াই অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত হন তিনি। পরে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের ডেপুটি রেজিস্ট্রার রাশিদা আক্তারের নিয়োগ অবৈধ ঘোষণা করে গত ১৪ ডিসেম্বর পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন হাইকোর্ট।
