বায়তুল মোকাররমে হাতাহাতি
বায়তুল মোকাররমে হাতাহাতির ঘটনায় কয়েকজন আহতের খবর পাওয়া গেছে। ছবি: সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৪ | ১৫:২১ | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৪ | ১৬:৫৮
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে দু’পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। শুক্রবার জুমার বয়ানের সময় মুফতি রুহুল আমিনের (আগের খতিব) পেছনে নামাজ না পড়া নিয়ে বিতর্কের একপর্যায়ে এ ঘটনা ঘটে। এতে কয়েকজন মুসল্লি আহত হয়েছেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নামাজের আগে বয়ানের সময় কয়েকজন মুসল্লি খতিব মুফতি রুহুল আমিনের পেছনে নামাজ পড়তে অনীহা প্রকাশ করেন। এ সময় আরেকদল মুসল্লি প্রতিবাদ করেন। পরে এ দুই পক্ষ পরস্পর হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এ সময় নামাজ না পড়িয়ে ঘটনাস্থল ত্যাগ করেন মুফতি রুহুল আমিন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
মুফতি রুহুল আমিন গোপালগঞ্জের গওহরডাঙ্গা মাদ্রাসার মহাপরিচালক। ২০১৮ সালের নির্বাচনে নড়াইল-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন তিনি। দলীয় মনোনয়ন না দিলেও পরে তাকে বায়তুল মোকাররমের খতিব হিসেবে নিয়োগ দেয় আওয়ামী লীগ সরকার।
জাতীয় মসজিদ সূত্রে জানা গেছে, শেখ হাসিনা সরকারের পতনের পর ২৬ জুলাই থেকে আর বায়তুল মোকাররমে আসেননি মুফতি রুহুল আমিন। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর গত ২৯ আগস্ট তাকে কারণ দর্শানোর নোটিশ দেয় ইসলামিক ফাউন্ডেশন কর্তৃপক্ষ। ৪ সেপ্টেম্বর নোটিশের জবাব দেন তিনি। সেখানে ‘অসুস্থ’ আছেন বলে জানান। একইসঙ্গে ১৫ দিনের ছুটির আবেদন করেন। আবেদন অনুসারে মুফতি রুহুল আমিনের ছুটি শেষ হয় ১৯ সেপ্টেম্বর। এরপর আজ ২০ সেপ্টেম্বর বায়তুল মোকাররমে আসেন তিনি। এর আগে সর্বশেষ তিনি খুৎবা পড়িয়েছেন ১৯ জুলাই আওয়ামী লীগ সরকারের সময়।
একটি সূত্রে জানা গেছে, মুফতি রুহুল আমি মসজিদে আসার আগে বেশ কয়েকজন সহযোগী নিয়ে আসেন। মুসল্লিরা তার পেছনে নামাজ পড়তে অস্বীকৃতি জানালে মুলত ওই সহযোগীদের সঙ্গেই হাতাহাতির ঘটনা ঘটে।
- বিষয় :
- বায়তুল মোকারম
- বায়তুল মোকাররম
