দেশের পাসপোর্টে ‘এক্সেপ্ট ইসরায়েল’ পুনর্বহাল দাবি
প্রতীকী ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৪ | ২১:৩২
বাংলাদেশের পাসপোর্টে পুনরায় ‘এক্সেপ্ট ইসরায়েল’ (ইসরায়েল ব্যতীত) শব্দ দুটি পুনর্বহাল করার দাবি জানিয়েছে ইন্তিফাদা ফাউন্ডেশন। একই সঙ্গে বর্তমানে বাংলাদেশের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক কোন পর্যায়ে আছে, তা রাষ্ট্রীয়ভাবে প্রকাশের দাবি জানিয়েছে সংগঠনটি।
আজ মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘বাংলাদেশে জায়নবাদী আগ্রাসন: আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় এই দাবি তোলা হয়।
সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশে জায়নবাদী আগ্রাসনের প্রভাবেই হাসিনা সরকার পাসপোর্ট থেকে ‘এক্সেপ্ট ইসরায়েল’ শব্দ দুটি বাদ দিয়েছিল।
বাংলাদেশের সঙ্গে ইসরায়েলের সম্পর্কের বিষয়ে ধারণা দিয়ে ফিলিস্তিন ওলামা পরিষদের বাংলাদেশি কোঅর্ডিনেটর এবং ইন্তিফাদা ফাউন্ডেশনের প্রেসিডেন্ট মুহাইমিনুল হাসান রিযাদ বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধে সামরিক সহায়তা পাঠানোর প্রস্তাব করেছিল ইসরায়েল। কিন্তু মুক্তিযোদ্ধারা তা প্রত্যাখ্যান করেন। পরে ১৯৭২ সালের প্রথম দিকেই স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দেয় দেশটি। কিন্তু তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী খন্দকার মোশতাক আহমেদ তা প্রত্যাখ্যান করেন।
ফাউন্ডেশনের প্রেসিডেন্ট বলেন, এমন অবস্থায় বাংলাদেশের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক কোন পর্যায়ে আছে, তা জানা জরুরি। পাশাপাশি পাসপোর্ট থেকে ‘এক্সেপ্ট ইসরায়েল’ কেন মুছে ফেলা হয়েছিল, তা প্রকাশ ও শব্দ দুটি পুনর্বহাল করতে হবে।
মুহাইমিনুল হাসান রিযাদের দাবি, বাংলাদেশেও জায়নবাদী আগ্রাসন চলমান রয়েছে। ইসরায়েল কূটনৈতিক অপতৎপরতার বড় অস্ত্র হলো পেগাসাস স্পাইওয়্যার। বাংলাদেশ ইসরায়েল থেকে তৃতীয় পক্ষ ব্যবহার করে মোবাইলে আড়িপাতার এই যন্ত্র কিনেছে। তিনি বলেন, বাংলাদেশের পাঠ্যপুস্তকে ফিলিস্তিনের মানচিত্রকে ইসরায়েলের মানচিত্র বলে পরিচয় করিয়ে দেওয়ার মতো ঘটনাও ঘটেছে, যা উদ্বেগজনক।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন খেলাফতে মজলিসের মহাসচিব অধ্যাপক ড. আহমদ আব্দুল কাদের, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু, হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব হারুন ইজহার প্রমুখ।
- বিষয় :
- পাসপোর্ট উদ্ধার
- পাসপোর্ট
