ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

রেড ক্রিসেন্টের ভাইস-চেয়ারম্যান জামিল, কোষাধ্যক্ষ আমিনুল

রেড ক্রিসেন্টের ভাইস-চেয়ারম্যান জামিল, কোষাধ্যক্ষ আমিনুল
×

ডক্টর জামিল আহমেদ ও মোহাম্মদ আমিনুল ইসলাম। ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৪ | ২০:০৩

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন মিডিয়া ব্যক্তিত্ব ডক্টর জামিল আহমেদ। এছাড়া সংস্থাটির কোষাধ্যক্ষ হয়েছেন রোটারিয়ান সিপি মোহাম্মদ আমিনুল ইসলাম। 

আজ বৃহস্পতিবার সকালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ম্যানেজিং বোর্ডের ২৮৬তম সভার সিদ্ধান্ত মোতাবেক তাদেরকে সোসাইটির এই দুটি গুরুত্বপূর্ণ দুটি পদে দায়িত্ব প্রদান করা হয়।

জামিল আহমেদ দীর্ঘদিন বিভিন্ন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থায় ঊর্ধ্বতন পদে দায়িত্ব পালন করেছেন। তিনি ইউএসএআইডির বিভিন্ন প্রকল্পে পরিচালক হিসেবে, কেয়ার বাংলাদেশ, সেভ দা চিলড্রেন-ইউএসএ, ওয়াটার এইড, একশন এইড, ওয়ার্ল্ড ভিশন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) পরিচালক পদে কাজ করেছেন। এছাড়াও তিনি নর্থ সাউথ ইউনিভার্সিটি ও ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশের পরিচালকের দায়িত্ব পালন করেছেন। 

জামিল আহমেদ ব্রাক বিশ্ববিদ্যালয় এবং ইউএসএআইডি পরিচালিত জার্নালিজম ট্রেনিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক। তিনি ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের সিনিয়র প্রশিক্ষক। বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের সিনিয়র ইংরেজি সংবাদ উপস্থাপক। তিনি ২০১২ সালে আমেরিকার সাবেক প্রেসিডেন্ট আইজেন হাওয়ার ফাউন্ডেশন প্রদত্ত আইজেন হাওয়ার ফেলোশিপ (ইউএসএ) অর্জন করেন।

মোহাম্মদ আমিনুল ইসলাম একজন বিশিষ্ট কর আইনজীবী এবং সামাজকর্মী। বর্ণাঢ্য কর্মজীবনে তিনি বহুজাতিক কোম্পানি, স্থানীয় বিনিয়োগ ব্যাংকসহ দেশের বিভিন্ন সংস্থায় নেতৃত্বস্থানীয় পদে দায়িত্বরত ছিলেন। হিসাববিজ্ঞানে উচ্চতর ডিগ্রিলাভের পাশাপাশি আইন বিষয়ে পড়াশোনা করেন। তিনি ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন এবং সিলেট জেলা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সক্রিয় সদস্য। তিনি যুব রেড ক্রিসেন্ট সিলেটের প্রতিষ্ঠাতা যুবপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি রোটারি ক্লাব অফ সিলেট প্যারাডাইসের চার্টার্ড প্রেসিডেন্ট, অ্যাসিসটেন্ট গভর্নর ও রোটারি ডিসট্রিক্ট ৩২৮২–এর সাবেক অ্যাসিসটেন্ট গভর্নর এবং ডেপুটি গর্ভনর হিসেবে জোনাল পর্যায়ে বিভিন্ন দায়িত্বে ছিলেন। তিনি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, জালালাবাদ অ্যাসোসিয়েশন, নজরুল একাডেমি, ক্লিন গ্রিন বাংলাদেশ, রোটারি সেন্টার এবং লায়ন্স আই হাসপাতালসহ বিভিন্ন সংগঠনের আজীবন সদস্য।

আরও পড়ুন

×