ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

প্রথম আলোর সামনে আবারও অবস্থান বিক্ষোভকারীদের

প্রথম আলোর সামনে আবারও অবস্থান বিক্ষোভকারীদের
×

প্রথম আলোর প্রধান কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেছেন একদল মানুষ। ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৪ | ২২:৪২

রাজধানীর কারওয়ান বাজারে দৈনিক প্রথম আলোর প্রধান কার্যালয়ের সামনে আবারও জড়ো হয়ে বিক্ষোভ করেছেন একদল মানুষ। সোমবার দুপুর থেকে পত্রিকাটির নিচে জড়ো হন তারা। তখন সেখানে সতর্ক অবস্থান নেন পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা।

তেজগাঁও থানার ওসি মোবারক হোসেন সমকালকে বলেন, একদল বিক্ষোভকারী প্রথম আলো অফিসের সামনে অবস্থান নেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন করা হয়। সন্ধ্যায় আন্দোলনকারীরা চলে যান। 

রাজশাহী অফিসে হামলা, অগ্নিসংযোগ
রাজশাহী ব্যুরো জানিয়েছে, আজ প্রথম আলোর রাজশাহী অফিসে হামলা চালিয়ে অফিসের সাইনবোর্ড খুলে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন বিক্ষুব্ধরা। এ সময় তারা কয়েকটি পত্রিকায় আগুন দিয়ে পুড়িয়ে দেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ‘আলেম ওলামা ও তাওহিদী জনতা’র ব্যানারে মিছিল নিয়ে এ হামলা চালানো হয়। দুপুরে নগরীর জিরো পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল শুরু করে বোয়ালিয়া থানার মোড়ে প্রথম আলো অফিসের সামনে মানববন্ধন করেন তারা। এ সময় প্রথম আলো ও ডেইলি স্টারের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়। 

তথ্য উপদেষ্টা যা বললেন
কোনো পত্রিকা অফিসে ভাঙচুর করা, পত্রিকা বন্ধের জন্য চাপ প্রয়োগ করা সরকার সমর্থন করে না বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। আজ সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, কয়েক দিন ধরে প্রথম আলো নিয়ে একটি উত্তেজনা দেখতে পাচ্ছি। রোববারও এ রকম উত্তেজনা তৈরি হয়েছিল। আমাদের বক্তব্য হচ্ছে, কোনো গণমাধ্যম বা পত্রিকার বিরুদ্ধে যদি জনগণের কোনো অংশের অভিযোগ ও ক্ষোভ থাকে, তারা সেটি শান্তিপূর্ণভাবে প্রকাশ করতে পারে। কোনো পত্রিকা অফিসে ভাঙচুর করা, পত্রিকা বন্ধের জন্য চাপ প্রয়োগ করা সেটা আমরা সমর্থন করি না। এই ধরনের ঘটনা পরে ঘটলে সহ্য করা হবে না। ভাঙচুরের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও ঘোষণা দেন তিনি।
 

আরও পড়ুন

×