ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

অর্থনৈতিক বিনিময় ছাড়া আ’লীগ আমলে বিদ্যুৎকেন্দ্র হয়নি: ম. তামিম

অর্থনৈতিক বিনিময় ছাড়া আ’লীগ আমলে বিদ্যুৎকেন্দ্র হয়নি: ম. তামিম
×

জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ম. তামিম

সমকাল প্র‌তি‌বেদক

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৪ | ২০:২৯

আওয়ামী লীগের শাসন আমলে রাজনৈতিক ও অর্থনৈতিক বিনিময় ছাড়া কোনো বিদ্যুৎকেন্দ্র হয়নি বলে উল্লেখ করেছেন জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ম. তামিম। তিনি বলেছেন, রাজনীতিবিদ, আমলা ও ব্যবসায়ী এই তিন পক্ষের যোগসাজশেই জ্বালানি ও বিদ্যুৎ খাতে দুর্নীতি হয়েছে। তৎকালীন প্রধানমন্ত্রী ও তার অফিসের একক ক্ষমতার কারণেই এসব দুর্নীতির বিস্তার হয়েছে।

শনিবার রাজধানীতে বিগত সরকারের আমলে জ্বালানি ও বিদ্যুৎ খাতের দুর্নীতি নিয়ে আয়োজিত এক ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে ম. তামিম এসব কথা বলেন। এফডিসিতে ছায়া সংসদটির আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি।

ম. তামিম বলেন, পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জ্বালানি খাতের সবচেয়ে অস্বচ্ছ প্রতিষ্ঠান। এই অস্বচ্ছতার পেছনে সরকারেরও সংশ্লিষ্টতা ছিল। কারণ, তেল বিক্রি করে যে বিপুল পরিমাণ মুনাফা হতো, সরকার চাইত না তা প্রকাশ হোক। ফলে লোকসান দেখিয়ে দফার দফায় তেলের দাম বৃদ্ধি করত। বর্তমান সরকারও বিপিসির অস্বচ্ছতা কাটাতে কার্যকরী উদ্যোগ নেয়নি, যা দ্রুতই গ্রহণ করা উচিত।

তিনি বলেন, বিদ্যুৎ-জ্বালানি খাতে আমদানিনির্ভরতা দ্রুতই কমবে না। ইতোমধ্যে ভারত-নেপাল থেকে বিদ্যুৎ আমদানি করা হচ্ছে। কিন্তু চাইলে আমাদের দেশ থেকেও বিদ্যুৎ সেসব দেশে রপ্তানি করা সম্ভব। বর্তমানে দেশে শীতকালে বিদ্যুতের চাহিদা ৭ হাজার মেগাওয়াট, যেটা গরমকালে হয় ১৩ হাজার মেগাওয়াট। বাকি বিদ্যুৎ যারা উৎপাদন করত, সেসব প্লান্ট কিন্তু এখন বসে আছে। চার মাস ধরে তাদের ক্যাপাসিটি চার্জ দিতে হবে। কিন্তু এ সময়টায় বসে থাকা বিদ্যুৎকেন্দ্রগুলো থেকে বিদ্যুৎ উৎপাদন করে যদি নেপালে রপ্তানি করা যায়, তাহলে তা একটি ভালো উদ্যোগ হবে। কারণ, নেপালের প্রচণ্ড শীতে অনেক জল বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যায়, ফলে তাদের বাড়তি বিদ্যুতের প্রয়োজন হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। প্রতিযোগিতায় প্রস্তাবের পক্ষে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ ও বিপক্ষে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিতার্কিকরা অংশগ্রহণ করেন। বিতর্ক শেষে বিজয়ী হয় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

আরও পড়ুন

×