ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বিজয়ের প্রত্যাশা অনেক ক্ষেত্রে পদদলিত: হোসেন জিল্লুর রহমান

বিজয়ের প্রত্যাশা অনেক ক্ষেত্রে পদদলিত: হোসেন জিল্লুর রহমান
×

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান বলেছেন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৪ | ০১:৫৫

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান বলেছেন, সময়ের বিবর্তনে দেশ এগিয়ে গেলেও বিজয়ের প্রত্যাশা অনেক ক্ষেত্রে পদদলিত হয়েছে। সেই পদদলিত প্রত্যাশা পূরণে জুলাই বিপ্লব নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।

বিজয় দিবস উপলক্ষে সোমবার রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) ভবনের মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। ‘বিজয় দিবসের প্রত্যাশায় বৈষম্যহীন রাষ্ট্রকাঠামো নির্মাণ’ শীর্ষক সভাটি আয়োজন করে আইডিইবি।

প্রধান অতিথির বক্তব্যে হোসেন জিল্লুর রহমান বলেন, স্বাধীন বাংলাদেশের বিজয়ের অন্যতম বার্তা ছিল বৈষম্যহীন রাষ্ট্র নির্মাণ। তবে আমরা বিজয় দিবসের চেতনাকে অনেক ক্ষেত্রে আনুষ্ঠানিকতার গণ্ডিতে সীমাবদ্ধ করায় এখানে কায়েমী স্বার্থ প্রতিষ্ঠিত হয়েছে। মানবিক মর্যাদা, ন্যায়বিচার, মেধাচর্চা, ন্যায্য শ্রমমজুরির আকাঙ্ক্ষা অধরাই রয়ে গেছে। বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হলে সত্যিকার অর্থে এসব আকাঙ্ক্ষা বাস্তবায়নে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণের অন্যতম স্টেকহোল্ডার উল্লেখ করে তিনি বলেন, অবকাঠামো উন্নয়ন, শিল্প উৎপাদনসহ সেবা খাতে বিরাজমান বৈষম্য দূরীকরণে যথেষ্ট ভূমিকা রয়েছে। বাংলাদেশকে বিশ্ব দরবারে সম্মানজক পর্যায়ে নিতে পারলে বিজয় দিবসের প্রত্যাশা পূরণ হবে। জুলাই বিপ্লবের মধ্য দিয়ে বহির্বিশ্ব বাংলাদেশকে অন্য চোখে দেখতে শুরু করেছে। এ সম্মান ধরে রাখার জন্য তিনি প্রত্যেককে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

আইডিইবির কেন্দ্রীয় আহ্বায়ক প্রকৌশলী কবীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন সংগঠনের সদস্য সচিব প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেন ও সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী কাজী নজরুল ইসলাম।

আরও পড়ুন

×