এবার শেখ হাসিনার বিরুদ্ধে গুলি করে ‘কয়েদি’ হত্যার অভিযোগ
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি
আদালত প্রতিবেদক
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৪ | ২০:২৯
ছাত্র আন্দোলন চলাকালে ঢাকা কেন্দ্রীয় কারাগারে গুলি করে কয়েদি জাভেদকে হত্যার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জেল সুপার সুভাষ কুমার ঘোষসহ ৬৩ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।
আজ মঙ্গলবার ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মাহফুজুর রহমানের আদালতে এ আবেদন করেন নিহতের খালাতো ভাই ও ঘটনায় আহত শিকদার লিটন।
বাদীপক্ষের আইনজীবী মাহমুদুল আলম শাহীন বলেন, ‘আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আগামী ৫ কর্মদিবসের মধ্যে ভুক্তভোগী মারা গেছেন কি না এবং এ ঘটনায় কোনো মামলা দায়ের হয়েছে কি না তা তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য কেরানীগঞ্জ মডেল থানাকে নির্দেশ দিয়েছেন। থানা থেকে প্রতিবেদনের পর আদালত এ বিষয়ে আদেশ দেবেন।’
মামলার আবেদনে বলা হয়, ছাত্র আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট দুপুরের দিকে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে কয়েদিরা আন্দোলন শুরু করে। এসময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও পুলিশ সদস্যরা কয়েদিদের ওপর গুলি ছোড়ে। এতে অনেক কয়েদি আহত হন, যাদের মধ্যে জাভেদ কেন্দ্রীয় কারাগার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এসময় কারাগারে বাদীও আহত হন।
এজাহারে বাদীর পরিচয়ে বলা হয়েছে, বাদী লিটন পেশায় একজন সাংবাদিক। তিনি ২০১৯ সালে কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি আরিফুর রহমান দোলনের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করেন। তাতে ক্ষিপ্ত হয়ে লিটনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন দোলন। ওই মামলায় ২০২০ সালের ২৮ অক্টোবর লিটনকে কারাগারে পাঠানো হয়। ৫ আগস্ট গুলিবর্ষণের ঘটনায় তিনিও আহত হন।
- বিষয় :
- জুলাই গণহত্যা
- গুলি করে হত্যা
- কয়েদি
- নিহত
- আদালত
- শেখ হাসিনা
- মামলা
