ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

‘বিতর্কিত’ বিচারকদের অপসারণ চায় সুপ্রিমকোর্ট বার

‘বিতর্কিত’ বিচারকদের অপসারণ চায় সুপ্রিমকোর্ট বার
×

সুপ্রিম কোর্ট বার ভবনের শফিউর রহমান মিলনায়তনে সংবাদ সম্মেলন

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৯ জুলাই ২০২৫ | ১৮:১০

সারাদেশে বিচারাঙ্গন থেকে অবিলম্বে ‘বিতর্কিত ও পক্ষপাতদুষ্ট’ বিচারকদের অপসারণের আহ্বান জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। বুধবার সুপ্রিম কোর্ট বার ভবনে শফিউর রহমান মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান সমিতির সভাপতি ব্যারিস্টার এ. এম. মাহবুব উদ্দিন খোকন। এ সময় সমিতির ভারপ্রাপ্ত সম্পাদক ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলনসহ কার্যনির্বাহী কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর কতজন বিতর্কিত, দলকানা, ফ্যাসিস্ট রেজিমের আজ্ঞাবহ বিচারককে অপসারণ করা হয়েছে- তা অবিলম্বে জনসমক্ষে প্রকাশ করতে হবে। এছাড়া আওয়ামী লীগ সরকারের আমলে গত এক যুগ ধরে দলীয় আনুগত্যের ভিত্তিতে রায় প্রদানকারী বিচারকদের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। পাশাপাশি আওয়ামী লীগ সরকারকে টিকিয়ে রাখাসহ দলীয় বিবেচনায় রিমান্ড প্রদানকারী, ভিত্তিহীন চার্জশিট, রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলায় নেতাকর্মীদের জামিন না দিয়ে মোমবাতি জ্বালিয়ে বিরোধীদলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে রায় দানকারী বিচারকদের অতি দ্রুত অপসারণ করতে হবে।’

তিনি বলেন, ‘সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পক্ষ থেকে সুপ্রিমকোর্ট প্রশাসন ও আইন মন্ত্রণালয়ের কাছে জোরালো আহ্বান- দেশের বিচার বিভাগের পবিত্রতা রক্ষা করতে হবে। অবিলম্বে বিতর্কিত, পক্ষপাতদুষ্ট ও মানবাধিকার লঙ্ঘনকারী বিচারকদের অপসারণ করতে হবে।’ 

আরও পড়ুন

×