ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

রাতের আকাশে ‘জুলাই’

দ্রোহী তারা

প্রকাশ: ১৫ জুলাই ২০২৫ | ০২:১০ | আপডেট: ১৫ জুলাই ২০২৫ | ০২:২১

‌‘শোন মহাজন-আমরা অনেকজন’, ‘আওয়াজ উডা’ ‘বিডিআর ম্যাসাকার’, কিংবা শাপলা চত্বরের ঘটনা। একই সঙ্গে ‘লায়লাতুল ইলেকশন’ ও জুলাই আন্দোলনের বিভিন্ন স্লোগানসহ ২০২৪ সালের ছাত্রজনতার গণঅভ্যুত্থান ও তার আগে হওয়া অসংখ্য গুম, খুন, কারচুপি- প্রত্যক্ষ করলো শহীদ মিনারে হাজির হওয়া হাজারো মানুষ। সোমবার জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিকে পুনর্জাগরণে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এবং শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় আয়োজন করা হয়েছে মাসব্যাপী নানা অনুষ্ঠানমালা। এরই অংশ হিসেবে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই উইমেনস ডে চলচ্চিত্র প্রদর্শনী, শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের স্মৃতিচারণ, ‘জুলাইয়ের গান ও ড্রোন শো -এর আয়োজন করা হয়। 

পুরো আয়োজনে জুলাই যোদ্ধাদের উপস্থিতি যেন সকলকে বারবার একবছর আগে ফিরিয়ে নিয়ে যাচ্ছিল। ড্রোন শো- এর সময় ‘পোস্ট ডিলিট করো, নয়তো পরে সমস্যা হবে’ যখন আকাশজুড়ে ভেসে উঠলো, সকলেই তখনকার করা পোস্টগুলোর স্মৃতিচারণ করছিল। এভাবেই হাজারো ড্রোনের মাধ্যমে এক-একটি চিত্র আঁকা আকাশ উপস্থিত সকলকে মনে করিয়ে দিচ্ছিল জুলাইকে।

জুলাইয়ের গান ও ড্রোন শো

অনুষ্ঠানে মিরপুর থেকে আসা আসমা জামান বলেন, “প্রতিটি ছবি এক-একটা গল্প বলছে। এই যে, আবরার ফাহাদ কিংবা ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’ এর মতো স্লোগানগুলো দেখছি। মনে হচ্ছে, ফিরে গেছি গত বছরে। তবে যত কিছুই হোক না কেন, আমরা (নারীরা) এখনও পিছিয়ে আছি। এ বিষয়ে কোন দ্বিধা নেই।”

বাংলাদেশ সরকার ও চীন সরকার কর্তৃক যৌথভাবে এই ড্রোন শোতে ২০০০ ড্রোন উড্ডয়নের মাধ্যমে জুলাইয়ের গল্প তুলে ধরা হয়। ১৪ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলের মেয়েরা স্রোতের মতো বেরিয়ে এসে আন্দোলনে নতুন প্রাণের সঞ্চার ঘটায়। শহীদ মিনারের ওপরে সেই জীবন্ত মুহূর্তটাকে প্রদর্শন করা হয় ‘ড্রোন শো’ এর মাধ্যমে। 

প্রথম ধাপে দেখানো হয় কীভাবে বাংলাদেশ জুলাই এ এসে পৌঁছালো। দ্বিতীয় ধাপে দেখানো হয়, কেমন করে ১৪ তারিখে গণঅভ্যুত্থানের মাধ্যমে জুলাইয়ের সূচনা হলো।  রাত ১২ টার পরেও সাংস্কৃতিক অনুষ্ঠান চলে।

বর্ণাঢ্য এ আয়োজনে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল, গৃহায়ণ ও গণপূর্ত এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, বাংলাদেশে নিযুক্ত তুরস্কের অ্যাম্বাসেডর, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব ও দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালক মোহাম্মদ ওয়ারেছ হোসেন প্রমুখ।

আরও পড়ুন

×