গমের ব্লাস্ট দমনে হাতে-কলমে প্রশিক্ষণ গাকৃবিতে
পরিবেশবান্ধব ব্যাসিলাস প্রযুক্তি শেখালেন গবেষকরা
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রশিক্ষণ কর্মশালা
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৫ জুলাই ২০২৫ | ০৩:৫০
গমের ব্লাস্ট রোগ দমনে পরিবেশবান্ধব ও টেকসই কৌশল ছড়িয়ে দিতে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) অনুষ্ঠিত হলো দিনব্যাপী হাতে-কলমে প্রশিক্ষণ কর্মশালা। সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি) সেমিনার কক্ষে এ কর্মশালার আয়োজন করে গাকৃবির ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (আইবিজিই)। অর্থায়নে ছিল বাংলাদেশ বিজ্ঞান একাডেমি (বিএএস) ও যুক্তরাষ্ট্র কৃষি বিভাগ (ইউএসডিএ)।
কর্মশালায় অংশগ্রহণকারীদের গমে ব্লাস্ট দমনে ব্যাসিলাসভিত্তিক জৈব বায়োকীটনাশক প্রস্তুত ও ব্যবহার শেখানো হয়। কর্মশালার উদ্বোধন করেন গাকৃবির অধ্যাপক প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, ব্লাস্ট প্রতিবছর ফসলহানির বড় কারণ। রাসায়নিকের পরিবর্তে ব্যাসিলাস প্রযুক্তি হতে পারে একটি নিরাপদ, সাশ্রয়ী ও পরিবেশবান্ধব বিকল্প।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ বিজ্ঞান একাডেমির ভাইস প্রেসিডেন্ট অধ্যাপকর ড. জাহুরুল করিম। প্রধান আলোচক অধ্যাপক ড. তোফাজ্জল ইসলাম বলেন, টেকসই কৃষির জন্য জৈব কীটনাশক ব্যবহার নিশ্চিত করতে হবে মাঠপর্যায়ে। এতে শুধু ফসল বাঁচবে না, পরিবেশও সুরক্ষিত থাকবে।
বিষয়ভিত্তিক আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. লতিফুল বারী (ব্যাসিলাস ফর্মুলেশনের প্রযুক্তিগত দিক) এবং বিএআরআই-এর সিনিয়র সায়েন্টিফিক অফিসার ড. তোফাজ্জল হোসাইন রনি (জৈব কীটনাশক তৈরির প্রক্রিয়া ও প্রয়োগ কৌশল)।
কর্মশালায় গাকৃবির শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও বিএআরআই ও ব্রির গবেষকরা অংশ নেন। অংশগ্রহণকারীরা পরীক্ষাগারে সরাসরি জৈব কীটনাশক তৈরির অনুশীলন করে মাঠপর্যায়ে প্রয়োগযোগ্য জ্ঞান অর্জন করেন।
- বিষয় :
- গম
- প্রশিক্ষণ কোর্স
- কৃষি বিশ্ববিদ্যালয়
