নাফিজ সরাফাতসহ ১০ জনের বিরুদ্ধে দুদকের মামলা
পদ্মা ব্যাংকের ২৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ
চৌধুরী নাফিজ সরাফাত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৬ জুলাই ২০২৫ | ২২:৩২
জালিয়াতি করে পদ্মা ব্যাংকের ২৩ কোটি ১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকটির সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাত, তাঁর স্ত্রী ও ছেলেসহ ১০ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার কমিশনের ঢাকা-১ কার্যালয়ে মামলাটি করা হয়।
দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, সুনির্দিষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামিরা হলেন– চৌধুরী নাফিজ সরাফাতের স্ত্রী আজুমান আরা সাহিদ, ছেলে রাহীব সাফওয়ান সরাফাত চৌধুরী, পদ্মা ব্যাংকের সাবেক এমডি তারেক রিয়াজ খান, ডাইনেস্টি হোমস লিমিটেডের সাবেক চেয়ারম্যান এসকে মেহেদী হাসান, ডালিয়া চৌধুরী, ফারহানা মোনেম, ডাইনেস্টি হোমসের সাবেক এমডি রিমন কর্মকার, সাজিদ হক ও আমানি নাওয়ার চৌধুরী।
এজাহারে বলা হয়, নাফিজ সরাফাত পদ্মা ব্যাংকের চেয়ারম্যান থাকাকালে দুর্নীতির আশ্রয় নিয়ে অন্যান্য আসামির সহায়তায় ডাইনেস্টি হোমস লিমিটেড নামক শেল কোম্পানি গঠন ও পরিচালনার মাধ্যমে অবৈধ অর্থ বিনিয়োগ দেখিয়ে নিজ নাম গোপন করে অর্থ আত্মসাতের জালিয়াতিপূর্ণ পরিকল্পনা তৈরি করেন। আসামিরা অসৎ উদ্দেশ্যে যোগসাজশে প্রতারণার মাধ্যমে ডাইনেস্টি হোমসের সঙ্গে পদ্মা ব্যাংকের ভবন ভাড়া সংক্রান্ত চুক্তি করেন। চুক্তির আওতায় মাসিক ২২ লাখ ৩৫ হাজার ৮৭০ টাকা হারে ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে চলতি বছরের জুন পর্যন্ত মোট ৮ কোটি ৯৪ লাখ টাকা বাজার দরের চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করে আত্মসাৎ করা হয়। ওই ভাড়া সংক্রান্ত চুক্তির আওতায় অগ্রিম বাবদ পদ্মা ব্যাংক থেকে ১৪ কোটি ৭ লাখ টাকা নেওয়া হয়েছে। ব্যাংকের হিসাব অনুযায়ী, ভাড়ার টাকা ও অগ্রিম বাবদ আসামিরা ২৩ কোটি ১ লাখ টাকা আত্মসাৎ করেছেন।
- বিষয় :
- দুদক
- মামলা
- পদ্মা ব্যাংক
- আত্মসাৎ
