দুদকের মামলায় সম্রাটের বিচার শুরু, পরোয়ানা জারি
ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট। ছবি: সংগৃহীত
আদালত প্রতিবেদক
প্রকাশ: ১৭ জুলাই ২০২৫ | ১৭:৪৪
দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন ঢাকার একটি আদালত। অভিযোগ গঠনের ফলে মামলার অনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে। এদিকে সম্রাট আদালতে উপস্থিত না হওয়ায় তাঁর জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক জাকারিয়া হোসেনের আদালতে মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য ছিল। এদিন অভিযোগ গঠনে শুনানির জন্য প্রস্তুতি না থাকায় সম্রাটের আইনজীবী সময় আবেদন করেন। আদালত তা না মঞ্জুর করে অভিযোগ গঠন করেন। একই সঙ্গে মামলার সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ১৭ আগস্ট দিন ধার্য করেন। ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বেঞ্চ সহকারী জাহিদুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
সারাদেশে ক্যাসিনোবিরোধী অভিযান চলাকালে ২০১৯ সালের ৬ অক্টোবর সম্রাট ও তাঁর সহযোগী তৎকালীন যুবলীগ নেতা এনামুল হক ওরফে আরমানকে কুমিল্লা থেকে গ্রেফতার করা হয়। ২০২২ সালের ২২ আগস্ট সম্রাটের জামিন মঞ্জুর করেন আদালত।
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০১৯ সালের ১২ নভেম্বর সম্রাটের বিরুদ্ধে মামলা করে দুদক। এতে ২ কোটি ৯৪ লাখ ৮০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। পরের বছর অর্থাৎ ২০২০ সালের ২৬ নভেম্বর এ মামলায় আদালতে অভিযোগপত্র জমা দেয় দুদক। অভিযোগপত্রে সম্রাটের বিরুদ্ধে ২২২ কোটি ৮৮ লাখ ৬২ হাজার ৪৯৩ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।
- বিষয় :
- আদালত
- অবৈধ সম্পদ
- বিচার শুরু
- সম্রাট
