লাকীর জীবন বাঁচাতে ময়মনসিংহে সহমর্মিতার রঙে চিত্র প্রদর্শনী
হাসপাতালে চিকিৎসাধীন নাজনীন সুলতানা লাকী
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৮ জুলাই ২০২৫ | ০৩:২৪ | আপডেট: ১৮ জুলাই ২০২৫ | ০৩:৩৩
নাজনীন সুলতানা লাকী। যাকে চেনেন ময়মনসিংহ শহরের সাহিত্যমনা তরুণরা। কবি, সংগঠক, স্বেচ্ছাসেবী, সরকারি চাকরিজীবী—একজন মানুষের পক্ষে পড়াশোনার পাশাপাশি যতভাবে সমাজের পাশে থাকা সম্ভব, লাকী ঠিক তেমনই একজন।
লাকী ছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের পঞ্চম ব্যাচের শিক্ষার্থী। বর্তমানে কর্মরত আছেন সরকারের এলজিডি বিভাগে। তিনি পাড়াশোনার পাশাপাশি শিক্ষাজীবনে মুসলিম বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ, কবি নজরুল বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদ, কালের কণ্ঠ শুভসংঘ, ময়মনসিংহ সাইক্লিস্ট, স্পেশাল ব্রিগেড, নারী সাংবাদিক সংঘ, পারিবারিক সহিংসতা প্রতিরোধ সংঘ, মেন্টাল হেলথ ফাস্ট—প্রতিটি জায়গায় রেখেছেন সক্রিয় ও অনুপ্রেরণামূলক উপস্থিতি।
কিন্তু আজ সেই লাকীই জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। লাকী ভুগছেন অ্যাকিউট মেয়লুব্লাস্টিক লিউকিমিয়া নামের মরণঘাতী ব্লাড ক্যানসারে। ইতোমধ্যেই শেষ করেছেন চতুর্থ কেমোথেরাপি। শারীরিক অবস্থা দ্রুত অবনতির দিকে যাচ্ছে।
চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, তার জীবন বাঁচাতে জরুরি ভিত্তিতে বোনম্যারো ট্রান্সপ্ল্যান্ট করতে হবে, যা শুরু করতে হবে চলতি জুলাই মাসের মধ্যেই। জটিল এই চিকিৎসার ব্যয় প্রায় ৭০ লাখ টাকা। পরিবার ও শুভানুধ্যায়ীদের সহায়তায় ২৫ লাখ টাকার মতো সংগ্রহ সম্ভব হয়েছে। তবে এখনও বাকি প্রায় ৪৫ লাখ টাকা—যা এককভাবে বহন করা লাকীর পরিবারের জন্য প্রায় অসম্ভব।
এই মানবিক বিপর্যয়ের মুহূর্তে লাকীর পাশে দাঁড়াতে তার সহপাঠী, সহকর্মী, বন্ধুবান্ধব ও বিশ্ববিদ্যালয়ের শুভানুধ্যায়ীরা এগিয়ে এসেছেন সহমর্মিতার হাত বাড়িয়ে। আয়োজন করা হয়েছে একটি চিত্রপ্রদর্শনী ও বিক্রয় অনুষ্ঠানের।
ময়মনসিংহের জয়নুল আবেদীন পার্কে আজ শুক্রবার ও আগামীকাল শনিবার (১৯ জুলাই) দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই চিত্র প্রদর্শনী ও বিক্রির কার্যক্রম চলবে।
এতে থাকবে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের আঁকা চিত্রকর্ম। চিত্রপ্রদর্শনী থেকে প্রাপ্ত সকল অর্থই ব্যয় করা হবে লাকীর চিকিৎসা ব্যয়ে। এছাড়াও লাকীর চিকিৎসার খরচ জোগাড় করতে অনলাইনেও অর্থ সহায়তা নেওয়া হচ্ছে।
সহযোগিতা পাঠানো যাবে
বিকাশ (পার্সোনাল) 01623510896 ও 01869253093, নগদ (পার্সোনাল) 01814103107, রকেট (পার্সোনাল) 017380916933।
এছাড়াও ব্যাংকের মাধ্যমেও পাঠানো যাবে সহায়তা। অগ্রনী ব্যাংকের হোটেল ইন্টারকন্টিনেন্টাল করপোরেট শাখায়, একাউন্ট নাজনীন সুলতানা লাকী, নম্বর ০২০০০২৩৯৯৭০৩০।
সরাসরি যোগাযোগ করতে পারেন 01869253093 ও 01738091693 নম্বরে।
- বিষয় :
- চিত্র প্রদর্শনী
