স্টারলিংকের যাত্রা শুরু, দুর্গম অঞ্চলে মিলবে ইন্টারনেট
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় শুক্রবার সাক্ষাৎ করেন স্টারলিংকের ব্যবসা পরিচালনা বিভাগের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার - পিআইডি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৮ জুলাই ২০২৫ | ২৩:৫৯
বাংলাদেশে স্যাটেলাইটভিত্তিক দ্রুতগতির ইন্টারনেট সেবা ‘স্টারলিংক’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। এর ফলে দুর্গম পাহাড়ি অঞ্চল, চর, হাওরসহ যেসব এলাকায় ফাইবার অপটিক পৌঁছায়নি, সেখানে নিরবচ্ছিন্ন ইন্টারনেট পৌঁছানো সম্ভব হবে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা স্পেসএক্সের এই সেবার স্থানীয় পরিবেশক হিসেবে চুক্তিবদ্ধ হয়েছে রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি (বিএসসিএল)। স্টারলিংক টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) থেকে ৫০ হাজার ইন্টারনেট সংযোগের কিট আমদানির ছাড়পত্র নিয়েছে। এর মধ্যে প্রায় ৬০০ সংযোগ চালু হয়েছে।
স্টারলিংকের আনুষ্ঠানিক যাত্রা উপলক্ষে গত বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির ব্যবসা পরিচালনা বিভাগের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ারের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ঢাকায় এসেছে। সঙ্গে রয়েছেন স্পেসএক্সের আন্তর্জাতিক কৌশল ও সরকারি সম্পর্ক পরিচালক রিচার্ড গ্রিফিথস।
গতকাল বিকেলে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে বাংলাদেশের বাজারে স্টারলিংকের আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর ঘোষণা দেন লরেন ড্রেয়ার। এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, টেলিযোগাযোগ সচিব জহিরুল ইসলাম, বিএসসিএলের ব্যবস্থাপনা পরিচালক ড. ইমাদুর রহমান প্রমুখ।
সংবাদ সম্মেলনে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, ডিভাইস আমদানি ও ব্যবহারের ক্ষেত্রে ভ্যাট-ট্যাক্সসংক্রান্ত বিষয় নিয়ে এনবিআরসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে কাজ চলছে। আমরা স্টারলিংকের ডিভাইস থেকে একটা ভ্যাট আদায় করব। সেটি কীভাবে হবে, তা শিগগিরই চূড়ান্ত করা হবে।
লরেন ড্রেয়ার বলেন, লো আর্থ অরবিটে হাজার হাজার স্যাটেলাইট স্থাপন করে স্টারলিংক বিশ্বজুড়ে ইন্টারনেট কানেকটিভিটি নিশ্চিত করছে। এর ফলে দুর্গম অঞ্চলে ইন্টারনেট সেবা পৌঁছানো সহজ হবে।
স্টারলিংক দেশে রোম, লোকাল প্রায়োরিটি এবং গ্লোবাল প্রায়োরিটি নামে তিনটি নতুন ট্যারিফ প্ল্যান চালু করেছে। রোম প্ল্যানের ক্ষেত্রে ৫০ জিবি ডেটার জন্য ৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া রোম আনলিমিটেড প্যাকেজের ক্ষেত্রে ১২ হাজার টাকা এবং গ্লোবাল রোম প্যাকেজের (বৈশ্বিক ব্যবহার) ক্ষেত্রে ৫৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
লোকাল প্ল্যানে ৫০ জিবির জন্য ৪ হাজার ৬০০ টাকা, ৫০০ জিবির জন্য ১১ হাজার ৮০০ টাকা রাখা হয়েছে। এতে অতিরিক্ত ডেটা ব্লক ৫০ জিবির জন্য ১ হাজার ৮০০ টাকা, ৫০০ জিবির জন্য ৯ হাজার টাকা ধরা হয়েছে। যেখানে স্পিড থাকবে ৫০ থেকে ২২০ এমবিপিএস ডাউনলোড এবং ১০ থেকে ৩০ এমবিপিএস আপলোড।
গ্লোবাল প্ল্যানটি সমুদ্রপথসহ বিশ্বের যেকোনো স্থানে ব্যবহারের জন্য। এটির দাম ৫০ জিবির ক্ষেত্রে ৩২ হাজার টাকা এবং ৫০০ জিবির ক্ষেত্রে ৮৪ হাজার টাকা। অতিরিক্ত ব্লক ৫০ জিবির জন্য ১৩ হাজার টাকা এবং ৫০০ জিবির জন্য ৬৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে রেসিডেন্স এবং রেসিডেন্স লাইট নামে দুটি প্ল্যান চালু করেছিল স্টারলিংক। গত ২০ মে থেকে বাংলাদেশে স্টারলিংক ইন্টারনেট সংযোগের অর্ডার গ্রহণ শুরু হয়। গত ২৯ এপ্রিল স্টারলিংককে ১০ বছর মেয়াদি লাইসেন্স হস্তান্তর করে বিটিআরসি।
স্টারলিংক চালুতে দক্ষপ্রচেষ্টার প্রশংসা
বাসস জানায়, দেশে স্টারলিংক সফলভাবে চালু করার ক্ষেত্রে সরকারি কর্মকর্তাদের সমন্বিত প্রচেষ্টার প্রশংসা করেছেন স্পেসএক্সের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার। গতকাল যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন।
লরেন ড্রেয়ার বলেন, ‘আমরা ১৫০টি দেশ ও অঞ্চলে কাজ করি। আমরা এত দক্ষতা ও দ্রুত সিদ্ধান্ত গ্রহণ আগে কখনও দেখিনি। স্পেসএক্সের সব সহকর্মীর পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাই।’
ড. মুহাম্মদ ইউনূস বলেন, আমাদের পার্বত্য অঞ্চলের দূরবর্তী এলাকাগুলোতে উন্নত কানেকটিভিটির বিশেষ প্রয়োজন। এসব অঞ্চলে ভালো স্কুলশিক্ষক ও ডাক্তার নেই। আমরা ১০০টি স্কুলে অনলাইন শিক্ষা চালু করার লক্ষ্যমাত্রা নিয়েছি, যা বিচ্ছিন্ন এলাকার শিক্ষার্থীদের উপকারে আসবে।
তিনি আরও বলেন, আমরা ডিজিটাল স্বাস্থ্যসেবাকে অগ্রাধিকার দিচ্ছি, যাতে দূরবর্তী এলাকার মানুষ অনলাইনে চিকিৎসকের পরামর্শ নিতে পারে। তাদের চিকিৎসার ইতিহাস ডিজিটালি সংরক্ষিত থাকবে, ফলে ভবিষ্যতে পরামর্শ দেওয়া সহজ হবে।
বৈঠকে স্পেসএক্সের কর্মকর্তা রিচার্ড গ্রিফিথস, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব, বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন প্রমুখ উপস্থিত ছিলেন।
- বিষয় :
- স্টারলিংক
